২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেশাগত সমিতির নির্বাচনে ভোটার হতে না পেরে মামলা ঠুকলেন ১৩ আইনজীবী

আদালত আইনজীবী সমিতির কার্যকরী কমিটিকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে আদেশ দিয়েছে।

পেশাগত সমিতির নির্বাচনে ভোটার হতে না পেরে মামলা ঠুকলেন ১৩ আইনজীবী

লোগোটি জেলা আইনজীবী সমিতির ফেইসবুক পেইজ থেকে নেওয়া।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2024, 10:23 PM

Updated : 11 Jan 2024, 10:32 PM

ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ভোটার তালিকায় নাম না থাকায় আদালতে মামলা ঠুকলেন ১৩ আইনজীবী।

বুধবার বিকালে ফেনীর প্রথম যুগ্ম জেলা জজ আদালতে মামলাটি দায়ের করা হয়েছে বলে জানান, আদালতের সেরেস্তাদার আলতাফ হোসেন।

বাদীরা হলেন- আইনজীবী মো. গোলাম সরওয়ার, মোহাম্মদ হানিফ মজুমদার, মিজানুর রহমান সেলিম, রায়হান উদ্দিন মামুন, এসএম আবুল মনসুর রানা, মো. আবদুল আহাদ ভূঞা, রবিউল হক ফরহাদ, আবদুল মালেক, সাইদুর রহমান রাব্বী, একরামুল হক ভূঁইয়া, সাইফুল্লাহ রাশেদ, শাহজালাল ভূঞা সবুজ ও আনোয়ারুল আজিম।

আদালত আইনজীবী সমিতির কার্যকরী কমিটিকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে আদেশ দিয়েছে।

সেরেস্তাদার আলতাফ হোসেন আরও জানান, ফেনীর প্রথম যুগ্ম জেলা জজ বেলাল হোসেনের খাস কামরায় বৃহস্পতিবার দুপুরে মামলার বিষয়টি নিয়ে বিবাদী ও জ্যেষ্ঠ আইনজীবীদের বৈঠক হয়। দেড় ঘণ্টার বৈঠকে কোনো সিদ্ধান্তে আসতে না পারায় বৈঠক মুলতবি হয়। তিনি বলেন, এ বিষয়ে পরবর্তী বৈঠক হবে ১৪ জানুয়ারি।

মামলায় বলা হয়, বাদীরা বার কাউন্সিলের অনুমোদন নিয়ে আগেই জেলা আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করেন। বিভিন্ন সময়ে ফেনী জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটিতেও দায়িত্ব পালন করেন।

এদিকে, জেলা আইনজীবী সমিতির নির্বাচন সংক্রান্ত তফসিল গত ২০ ডিসেম্বর ঘোষণা করা হয়। কিন্তু গত ১২ জুলাইয়ে সমিতির সাধারণ সভায় চলতি বছরের ২০ জানুয়ারির নির্বাচনে তাদের ভোটার না করার সিদ্ধান্ত হয়।

মামলার বাদীদের একজন জেলা আইনজীবী সমিতির সাবেক সাংস্কৃতিক সম্পাদক আইনজীবী হানিফ মজুমদার বলেন, “পেশাগত দ্বন্দ্বসহ বিভিন্ন কারণে ৬৪ জনকে ভোটার করা হয়নি।”

বিষয়টি সমিতির গঠনতন্ত্র বিরোধী বলে দাবি মামলার বাদী আইনজীবীদের।

মামলায় আরও বলা হয়, “ভোটাধিকার বহাল রাখতে গত ২৭ নভেম্বর সমিতির কার্যনির্বাহী কমিটির কাছে আবেদন করা হলেও তা অগ্রাহ্য করে ২৬ ডিসেম্বর খসড়া ও পরে চলতি বছরের ১ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়।”

এ বিষয়ে জেলা আইনজীবী সমিতির সভাপতি আবুল বশর চৌধুরী বলেন, “মামলা ও আদালতের নির্দেশের বিষয়টি নিয়ে বৃহস্পতিবার আমরা সভা করেছি। তবে কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারিনি। এ বিষয়ে রোববার আদালতে সিদ্ধান্ত জানানো হবে।”