২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

নেত্রকোণায় ঘরে পড়ে ছিল বৃদ্ধার হাত-পা বাঁধা লাশ

ঘরের ভিতরে জিনিসপত্র এলোমেলো অবস্থায় ও স্টিলের আলমিরা খোলা ছিল।

নেত্রকোণায় ঘরে পড়ে ছিল বৃদ্ধার হাত-পা বাঁধা লাশ

নেত্রকোণা শহরের নিউটাউন বিলপাড় এলাকা থেকে বৃদ্ধার লাশটি উদ্ধার করা হয়।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2024, 11:08 AM

Updated : 09 Jan 2024, 11:12 AM

নেত্রকোণা শহরে হাত-পা বাধা এক বৃদ্ধার লাশ নিজ ঘরের মেঝে থেকে উদ্ধার করেছে পুলিশ।

 সোমবার রাত সোয়া ১১টার দিকে শহরের নিউটাউন বিলপাড় এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন নেত্রকোণা জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান।

 নিহত ৭০ বছরের জোছনা বেগম ওই এলাকার মৃত আবুল মুন্সীর স্ত্রী।

 স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, জোছনা বেগমের তিন ছেলের মধ্যে এক ছেলে বগুড়া, এক ছেলে বরিশাল থাকেন। তিনি বড় ছেলে মিল্টন মোল্লার সঙ্গে নিউটাউন বিলপাড়ের বাসায় বসবাস করতেন।

 ১০ দিন আগে মিল্টন বরিশাল যান কাজে। মিল্টনের স্ত্রীও জেলার আটপাড়ায় তার বাবার বাড়িতে যান। এ কারণে কয়েকদিন ধরে জোছনা বেগম বাসায় একা ছিলেন।

সোমবার মিল্টন বার বার ফোন করলেও তার মা ধরছিলেন না। খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে জোছনা বেগমের ভাই ফেরদৌস দরজার তালা ভেঙে ঘরে ঢুকে মেঝেতে জোছনা বেগমের হাত, পা বাঁধা লাশ পড়ে থাকতে দেখেন।

 পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এ সময় ঘরের ভিতরে জিনিসপত্র এলোমেলো অবস্থায় ও স্টিলের আলমিরা খোলা ছিল।

 অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর জানান, প্রাথমিক ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

 এদিকে বৃদ্ধার হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে ছায়া তদন্তে নেমেছে পুলিশের বিশেষায়িত সংস্থা পিবিআই।

 জেলা পিবিআইয়ের পরিদর্শক অভি রঞ্জন দেব বলেন, “দুর্বৃত্তরা বা পরিবারের লোকজন এই হত্যায় জড়িত কি না সবদিক মাথায় রেখেই তদন্ত করা হচ্ছে।”