২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে বিএনপির সাবেক এমপি আটক, লাঠিপেটার অভিযোগ

তবে লাঠিপেটার কথা অস্বীকার করেছে পুলিশ।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2024, 04:28 PM

Updated : 03 Jan 2024, 05:17 PM

বরিশাল নগরীতে লিফলেট বিতরণ কর্মসূচি থেকে বিএনপির সাবেক সংসদ সদস্য ও দলটির ছয় কর্মীকে আটক করেছে পুলিশ।

এ সময় পুলিশের লাঠির আঘাতে বিএনপির অর্ধশতাধিক নেতা-কর্মী আহতের অভিযোগ উঠেছে।

বুধবার বেলা ১১টার দিকে নগরীর সদর রোড অশ্বনী কুমার হলের সামনে থেকে তাদের আটক করা হয় বলে কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমানুল্লাহ আল বারী জানান।

তবে লাঠিপেটার অভিযোগ সত্য নয় বলে দাবি তার।

আটকরা হলেন, বরিশাল-৬ আসনের সাবেক সংসদ সদস্য ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মো. আবুল হোসেন খান, দলের কর্মী আমিনুর রহমান টুটু, আল আমিন, হৃদয় হোসেন তামিম, রিয়াজ হোসেন, সুজন আকন ও সাইফুল ইসলাম।

দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব আবুল কালাম শাহীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভোট বর্জনসহ বিভিন্ন দাবিতে লিফলেট বিতরণ কর্মসূচি পালনের জন্য নেতা-কর্মীরা অশ্বিনী কুমার হলের সামনে জড়ো হন। এ সময় পুলিশ এসে বেধড়ক লাঠিপেটা করে। নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হলে কর্মসূচি পণ্ড হয়ে যায়।”  

শাহিনের অভিযোগ, পুলিশের লাঠিপেটায় তাদের অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন।

লাঠিপেটার অভিযোগ অস্বীকার করে কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমানুল্লাহ আল বারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তারা পূর্ব অনুমতি না নিয়েই অশ্বিনী কুমার হলের সামনে জড়ো হয়। পরে বিক্ষোভ মিছিলের চেষ্টা করে। তখন পুলিশ বাধা দেয়। বাধা উপেক্ষা করার চেষ্টার সময় সাতজনকে আটক করা হয়েছে।”

আটকদের বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে জানান পরিদর্শক আমানুল্লাহ বারী।