কিশোরগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষে কাঁদুনে গ্যাস, রাবার বুলেট নিক্ষেপ
সংঘর্ষে পুলিশের ২০ সদস্য ও বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হন বলে দাবি করা হয়েছে।
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কাঁদুনে গ্যাস ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
শনিবার জেলার পাকুন্দিয়ার সৈয়দ চৌরাস্তা মোড় এলাকায় এ সংঘর্ষে পুলিশের ২০ সদস্য ও বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হন বলে উভয় পক্ষ দাবি করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল ১১টার দিকে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে কর্মসূচিতে যোগ দিতে যায়। এ সময় পুলিশ এতে বাধা দিলে উত্তেজনার সৃষ্টি হয়।
উপজেলার সৈয়দ চৌরাস্তা মোড় থেকে মঠখলা, হোসেন্দি, মির্জাপুর ও পাকুন্দিয়াগামী সড়কে অবস্থান নেওয়া বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের প্রথমে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং পরে সংঘর্ষ শুরু হয়। এ সময় বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। তিন ঘণ্টা ধরে চলা সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রায় ২০০টি কাঁদুনে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে। সংঘর্ষের সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন হোসাইন বলেন, “বিএনপির সমাবেশের পূর্ব অনুমতি ছিল না। মিছিল ও সমাবেশ করতে বাধা দিলে পুলিশের ওপর লাঠিসোটা নিয়ে চড়াও হন তারা। এতে আমাদের কিছু সদস্য আহত হয়েছে।”
কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন বলেন, “আমরা এক সপ্তাহ আগে পাকুন্দিয়া পৌর এলাকার পাট মহালে সমাবেশের জন্য পুলিশ সুপার বরাবর আবেদন করলেও অনুমতি দেওয়া হয়নি। পরে উপজেলার সৈয়দ চৌরাস্তা মোড় এলাকায় সমাবেশ করতে চাইলে পুলিশ আমাদের লাঠিপেটা করে শতাধিক নেতাকর্মীকে আহত করে। অনেককেই আটক করা হয়েছে।”
