দামুড়হুদায় বৃদ্ধের লাশ উদ্ধার, পুলিশের ধারণা হত্যা
লাশের গলায় রশির দাগ; পেট ও পায়ে রক্তের দাগ পাওয়া গেছে।
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে; যার গলায় রশি পেঁচানো এবং পেট ও পায়ে রক্তের দাগ ছিল।
রোববার সকালে উপজেলার রামনগর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে চুয়াডাঙ্গার পুলিশ সুপার (এসপি) আব্দুল্লাহ আল মামুন জানান।
নিহত সব্বত আলী (৮৫) ওই গ্রামের প্রয়াত বশির উদ্দিনের ছেলে। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
নিহতের স্বজনদের বরাত দিয়ে এসপি আব্দুল্লাহ আল মামুন জানান, শনিবার দুপুর থেকে ওই বৃদ্ধকে পাওয়া যাচ্ছিল না। রোববার সকালে পুত্রবধূ শিরিনা খাতুন তার শ্বশুরকে বাড়ির পশ্চিম দিকের একটি ঘরের মেঝেতে মৃত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
“লাশের গলায় রশি পেঁচানো, পেটে ও পায়ে রক্তের দাগ পাওয়া গেছে।”
লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশের এ কর্মকর্তা জানান।
