পিরোজপুরে ব্যবসায়ীর নগ্ন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৩
ছাত্রদল নেতাকে সংগঠনের সব পদ থেকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল।
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় এক ব্যবসায়ীর নগ্ন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের মাধ্যমে টাকা আদায়ের অভিযোগে ছাত্রদল নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা সদরের রিজার্ভ পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান ভান্ডারিয়া থানার ওসি দেওয়ান জগলুল হাসান।
গ্রেপ্তাররা হলেন- ভান্ডারিয়া পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সজীব চাপরাশি (২৫), মোস্তাফিজুর রহমান রনি (৩৫) ও এক নারী।
পুলিশ জানায়, ভান্ডারিয়া পৌর এলাকার ইলেকট্রিক ব্যবসায়ী মানবেন্দ্র রায় মুন্নাকে (৩৪) এক নারীর মাধ্যমে ফাঁদে ফেলা হয়। পরে তাকে মারধর ও ভয়ভীতি দেখিয়ে নগ্ন ভিডিও ধারণ করা হয়।
ওই ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল করে টাকা আদায়ের চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে।
ওসি বলেন, এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।
এদিকে, গ্রেপ্তারের পর সজীব চাপরাশিকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করেছে পিরোজপুর জেলা ছাত্রদল।
জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার বলেন, সজীবের বিরুদ্ধে বিভিন্ন তথ্য-প্রমাণ পাওয়ায় তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
