২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে ট্রাক চাপায় প্রাণ গেল ২ বাইক আরোহীর

বিকালে সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে বলে ডোমার থানার ওসি জানান।

নীলফামারীতে ট্রাক চাপায় প্রাণ গেল ২ বাইক আরোহীর

নীলফামারীর ডোমার থানা।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2023, 12:13 AM

Updated : 21 Dec 2023, 12:13 AM

নীলফামারীর ডোমার উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার বিকাল ৪টার দিকে ডোমার-দেবীগঞ্জ সড়কে উপজেলা সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে বলে ডোমার থানার ওসি মো. আবু সাঈদ চৌধুরী জানান।

নিহতরা হলেন- পঞ্চগড় জেলার বোদা উপজেলার খয়েরপুর গ্রামের মৃত আবু তালেবের ছেলে মো. জাহাঙ্গীর হোসেন (৫০) এবং দেবীগঞ্জ উপজেলার ঢাঙ্গীর হাট গ্রামের আবু বাকি বিল্লাহর ছেলে সেলিম জাহাঙ্গীর (৪০)।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ব্যবসায়িক কাজে দেবীগঞ্জ থেকে মোটরসাইকেলে ডোমার যাচ্ছিলেন জাহাঙ্গীর এবং সেলিম। এ সময় ডোমার থেকে দেবীগঞ্জগামী মাল বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় মোটরসাইকেলটির।

এতে ঘটনাস্থলেই নিহত হন জাহাঙ্গীর। আহত সেলিমকে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতরা সম্পর্কে চাচা-ভাইপো।

ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. শাওন বলেন, আহত সেলিমকে বিকাল সাড়ে ৪টার দিকে মৃত অবস্থায় আনা হয়।

ডোমার থানার ওসি মো. আবু সাঈদ চৌধুরী বলেন, ট্রাকটি আটক করা হয়েছে, চালক পালিয়ে গেছেন। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।