কুষ্টিয়ায় ভুট্টা ক্ষেতে ইঁদুর মারার খাবার খেয়ে শিশুর মৃত্যু
মিষ্টি খেয়ে বমি করতে থাকলে দুই শিশুকে হাসপাতালে নেওয়া হয়, সেখানে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
কুষ্টিয়ার কুমারখালীতে ভুট্টা ক্ষেতে দেওয়া ইঁদুর মারার বিষযুক্ত খাবার খেয়ে এক শিশুর মৃত্যু হয়েছে; আরেক শিশু প্রাণ সংকটে রয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হোগলা দোপেরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে কুমারখালী থানার ওসি মো. মহসীন হোসাইন জানান।
মৃত ৪ বছর বয়সী নোভা ওই গ্রামের ইবাদতের মেয়ে। অপর শিশু শাওন (৪) সাইদুল ইসলামের ছেলে। তারা চাচাত ভাই-বোন।
স্থানীয়রা জানান, স্থানীয় এক ব্যক্তি তার ভুট্টা ক্ষেতে ইঁদুর ও কাঠবিড়ালির উপদ্রব ঠেকাতে মিষ্টির প্যাকেটে বিষমাখা খাবার দেন।
প্রত্যক্ষদর্শী ৭ বছরের লিমন বলে, বিকালে নোভা ও শাওন তাকে বিষ মাখা খাবার দেখিয়ে ভুট্টা ক্ষেতে যেতে বললে সে তাদের নিষেধ করে। এরপরও তারা দুজন সেই খাবার খায়।
ওসি মহসীন হোসাইন জানান, মিষ্টি খেয়ে বমি করতে থাকলে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক নোভাকে মৃত ঘোষণা করেন। আর আশংকাজনক অবস্থায় শাওনের চিকিৎসা চলছে।
স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে জানিয়ে ওসি বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় কারো জড়িত থাকার প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
