২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে ভোটকেন্দ্রের সামনে হাতবোমা বিস্ফোরণ

ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত হাতবোমা উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2024, 12:45 AM

Updated : 07 Jan 2024, 12:45 AM

মাদারীপুরের কালকিনি উপজেলায় একটি ভোটকেন্দ্রের সামনে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে একটি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।

শনিবার রাত ৮টার দিকে উপজেলার ৭২ নম্বর ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কালকিনি থানার ওসি সরদার আব্দুল্লাহ আল মামুন।

পুলিশ জানায়, দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচনি সরঞ্জাম নিয়ে ৭২ নম্বর গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে পৌঁছায় প্রিজাইডিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

রাতে হঠাৎ কেন্দ্রের সামনে কয়েকটি হাতবোমা নিক্ষেপ করা হয়। এতে চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত হাতবোমা উদ্ধার করে।

এ ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে; বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে বলে জানান ওসি মামুন।

মাদারীপুর-৩ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ বলেন, উদ্ধার করা হাতবোমাটি পুলিশের হেফাজতে রয়েছে। দক্ষ কর্মকর্তাদের সহযোগিতায় এটি নিষ্ক্রিয় করা হবে।