গাইবান্ধার ডিসিকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
জেলা প্রশাসকের আচরণের কারণে সরকার ও জনপ্রশাসনের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে বলে মানববন্ধনে বক্তারা জানান।
অসৌজন্যমূলক আচরণের অভিযোগ তুলে গাইবান্ধার জেলা প্রশাসক কাজী নাহিদ রসুলকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ হয়েছে।
‘গাইবান্ধা সচেতন নাগরিক ও সুশীল সমাজ’-ব্যানারে সোমবার জেলা শহরের ডিবি রোডের নাট্য সংস্থার সামনে বেলা ১২টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন পালিত হয়।
পরে শহরের ব্যস্ততম ডিবি রোডের গানাসাস মার্কেটের সামনে কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করে রাখেন আন্দোলনকারীরা। এ সময় সড়কের উভয় পাশে যানবাহন চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ থাকে।
মানববন্ধনে আইনজীবী, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, ব্যবসায়ী, সচেতন নাগরিক ও বিভিন্ন সংগঠনের দেড় শতাধিক লোকজন অংশ নেন। এতে সভাপতিত্ব করেন দৈনিক যুগান্তরের গাইবান্ধার জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক সিদ্দিক আলম দয়াল।
বাংলাদেশ ওয়াকার্স পার্টির পলিট বুরোর সদস্য আমিনুল ইসলাম গোলাপ, জাতীয় শ্রমিক জোটের গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ বাবু, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন, আইনজীবী সালাউদ্দিন কাশেম ও মানবাধিকার কর্মী দিবা বেগমসহ অন্যরা এতে বক্তব্য রাখেন।
জাতীয় শ্রমিক জোটের গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ বাবু তার বক্তব্যে বলেন, “গাইবান্ধায় যোগ দেওয়ার পর থেকে জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল স্থানীয় সুশীল সমাজ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে আসছেন। নানা প্রশাসনিক কাজে তার কক্ষে দেখা করতে গেলে দুর্ভোগ পোহাতে হয়। দর্শনার্থীদের তার নিয়োগ করা এপিএস (সহকারী কমিশনার) এর কাছে স্লিপের মাধ্যমে সাক্ষাতের কারণ উল্লেখ করতে হয়।
“কিন্তু স্লিপ পাঠিয়েও অপেক্ষা করতে হয় ঘণ্টার পর ঘণ্টা। তারপরও তার সঙ্গে স্বাক্ষাতের অনুমতি পাওয়া যায় না। এছাড়া সপ্তাহে একদিন গণশুনানি করা বাধ্যতামূলক হলেও তিনি যোগদানের পর থেকে নিয়মিত গণশুনানি হচ্ছে না।“
তাছাড়া বর্তমানে জেলায় শতাধিক অবৈধ ইটভাটা চললেও দুই-চারটি ছাড়া বেশিরভাগ ভাটা মালিকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন বাবু।
বক্তারা বলেন, জেলা প্রশাসকের আচরণের কারণে তার কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীর আচরণও নেতিবাচক পরিলক্ষিত হচ্ছে। এতে সরকার ও জনপ্রশাসনের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। তাই তাকে বদলি করা গাইবান্ধার মানুষের কাছে সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে।
অবিলম্বে জেলা প্রশাসককে বদলি করা না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।
মানববন্ধন থেকে সাংবাদিকরা জেলা প্রশাসকের সংবাদ প্রচার না করার ঘোষণা দেন। তার বদলি না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তারা।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে গাইবান্ধার জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল বলেন, “আমি আমার কাজ ঠিকমতই করছি। তারপরও গাইবান্ধার জনগণ কেন আমার প্রত্যাহারের দাবি তুলছে, তা তারাই ভালো বলতে পারবে।”
