২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাড়ে ছিল জামা-প্যান্ট, পুকুরে মিলল দুই বোনের লাশ

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার তরঙ্গিয়া কৃষ্ণতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

সুনামগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2022, 08:59 PM

Updated : 31 Jul 2022, 08:59 PM

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

রোববার বিকেলে উপজেলার ধনপুর ইউনিয়নের তরঙ্গিয়া কৃষ্ণতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে বিশ্বম্ভরপুর থানার ওসি ইকবাল হোসেন জানান।

নিহত দুই শিশু হলো- তরঙ্গিয়া কৃষ্ণতলা গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে রুমা আক্তার (৮) এবং শফিক আহমদের মেয়ে মারিয়া আক্তার (৮)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।

ধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিলন মিয়া বলেন, বিকেলে দুই বোন একই পাড়ার আবু হানিফার বাড়িতে গিয়ে পুকুরে খেলতে নেমে যায়। এ সময় কেউ পাশে না থাকায় দুজনই পানিতে ডুবে যায়।

দীর্ঘক্ষণ পরও বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন তাদের খুঁজতে থাকে। সন্ধ্যায় আবু হানিফার পুকুরের পাড়ে তাদের জামা-প্যান্ট পড়ে থাকতে দেখে স্বজনরা। পরে পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

ওসি ইকবাল হোসেন বলেন, “শিশুদের মৃত্যু নিয়ে কোনো প্রশ্ন না থাকায় সুরতহাল প্রতিবেদন শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”