গাজীপুরে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত
রাতের হালকা বৃষ্টিতে পিচ্ছিল হয়ে থাকা মহাসড়কে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় পিছলে পড়ে যান জাহাঙ্গীর।
গাজীপুর সদরে ভেজা সড়কে পিছলে পড়ার পর বাসের চাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ৭টায় সদর উপজেলার বাঘের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে বলে জানান নাওজোর হাইওয়ে থানার ওসি শাহ মোস্তাফিজুর রহমান।
নিহত ৩৫ বছরের জাহাঙ্গীর আলম শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের পাবরিয়াচালা গ্রামের বারেক মিয়ার ছেলে।
ওসি শাহ মোস্তাফিজুর জানান, রাতে হালকা বৃষ্টি হওয়ায় মহাসড়ক পিচ্ছিল হয়েছিল। জাহাঙ্গীর মোটরসাইকেল নিয়ে মহাসড়কের পাশ দিয়ে যাচ্ছিলেন। বাঘের বাজার এলাকায় তিনি পিছলে পড়ে গেলে প্রভাতি বনশ্রী পরিবহনের দ্রুতগতির একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ মরদেহ উদ্ধার করেছে। বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
