ময়মনসিংহে পুকুরে ডুবে প্রাণ গেল দাদী-নাতনির
শাহেরা তার নাতনিকে নিয়ে বাড়ির পাশে পুকুরে গোসল করতে যান।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় পুকুরে ডুবে দাদী ও নাতনির মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার বড়হিত ইউনিয়নের বুনিয়াদপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে ঈশ্বরগঞ্জ থানার এসআই ওমর ফারুক রাজু জানান।
নিহতরা হলেন- ওই এলাকার মেসর উদ্দিনের স্ত্রী শাহেরা খাতুন (৬৫) ও তার নাতনি সুজন মিয়ার মেয়ে জান্নাত আক্তার (৪)।
স্থানীয়দের বরাত দিয়ে এসআই ওমর ফারুক রাজু বলেন, সকাল ১১টার দিকে দাদী শাহেরা খাতুন ও নাতনি জান্নাত আক্তার বাড়ির পাশে পুকুরে গোসল করতে যান। গোসল করতে যাওয়ার পর অনেক সময় পার হলেও তারা বাড়িতে ফিরে আসেনি।
“এ অবস্থায় পরিবারের লোকজন পুকুরে গিয়ে দাদী ও নাতনির ভাসমান মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
অভিযোগ না থাকায় মরদেহ দুটি ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
