২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে সেলুন দোকানীকে হত্যায় ২ জনের যাবজ্জীবন

২০১৩ সালের ১ ফেব্রুয়ারি বাড়ির পাশের মাঠ থেকে বিমল চন্দ্র দাসের গলা কাটা লাশ উদ্ধার করা হয়।

ঝিনাইদহে সেলুন দোকানীকে হত্যায় ২ জনের যাবজ্জীবন

রায়ের পর আদালত প্রাঙ্গণে আসামি হাফিজুর রহমান।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2023, 03:42 PM

Updated : 05 Apr 2023, 03:42 PM

ঝিনাইদহের কোটচাঁদপুরে সেলুন দোকানদারকে গলা কেটে হত্যায় দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। 

বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ মো. নাজিমুদ্দৌলা এ দণ্ডাদেশ দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের কৌসুলি (পিপি) ইসমাইল হোসেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন, কোটচাঁদপুর উপজেলার হরিণদিয়া গ্রামের নাসির উদ্দিন ও হাফিজুর রহমান। তাদের মধ্যে নাসির উদ্দিন পলাতক। 

মামলার নথির সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১ ফেব্রুয়ারি বাড়ির পাশের মাঠ থেকে বিমল চন্দ্র দাসের গলা কাটা লাশ উদ্ধার করা হয়। তিনি রাত ৯টার দিকে হরিণদিয়া বাজারে নিজের সেলুনের দোকানে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। 

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরদিন নিহতের ভাই মদন কুমার দাস বাদী হয়ে কোটচাঁদপুর থানায় অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন। 

এরপর মামলার তদন্ত শেষে ২০১৪ সালের ১৪ ফেব্রুয়ারি হাফিজুর রহমান এবং নাসির উদ্দিনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। 

পিপি ইসমাইল হোসেন জানান, দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে বুধবার আদালত এই দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানার আদেশ করেন। 

জরিমানা অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ডের রায় দেওয়া হয়েছে বলে জানান পিপি ইসমাইল।