০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ছেলের মুক্তি চাইতে এসে কান্নায় ভেঙে পড়লেন শামসের মা

“এই পরিবারের কেউ কখনও দেশবিরোধী কাজে সম্পৃক্ত ছিল না, আমার ভাইকে মুক্তি দিন।”

ছেলের মুক্তি চাইতে এসে কান্নায় ভেঙে পড়লেন শামসের মা

ঢাকার ধামরাইয়ে ছেলের মুক্তির দাবিতে মানববন্ধনে এসে কান্নায় ভেঙে পড়েন সাংবাদিক শামসুজ্জামান শামসের মা করিমন নেসা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2023, 08:49 PM

Updated : 03 Apr 2023, 11:16 PM

দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসের মুক্তির দাবিতে ঢাকার ধামরাইয়ে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী ও সাংবাদিকরা।  

শনিবার বেলা ১১টার দিকে ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের ডাউটিয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ মানববন্ধনে অংশ নেন শামসের মা করিমন নেসা। কিন্তু বক্তব্য দিতে গিয়ে তিনি কোনো কথা বলতে পারেননি। শুধু কাঁদছিলেন। পরে তাকে সেখান থেকে সরিয়ে নেন স্বজনরা। 

মানববন্ধনে এলাকাবাসী, ধামরাই রিপোর্টার্স ক্লাব ও ধামরাই উপজেলা প্রেসক্লাবের সদস্যসরা উপস্থিত ছিলেন। 

এ সময় সাংবাদিক শামসের মামাতো ভাই ফারুক হোসেন বলেন, “শামসের পরিবারের ওপর কোনো কালি নেই। তাদের সততা সম্পর্কে এলাকার সবাই অবগত আছে। এই পরিবারের কেউ কখনও দেশবিরোধী কোনো কাজে সম্পৃক্ত ছিল না। তাই সরকারের কাছে আমার অনুরোধ অবিলম্বে আমার ভাই শামসকে মুক্তি দিন।” 

ঢাকা টাইমসের সাভার প্রতিনিধি আহমাদ সোহান সিরাজি বলেন, “যার বড় ভাই রাষ্ট্রের নিরাপত্তা রক্ষায় নিজের জীবন উৎসর্গ করেছেন তার একমাত্র ছোট ভাইকে জোরপূর্বক রাষ্ট্রের শত্রু বানানো হচ্ছে; এর চেয়ে লজ্জার আর কী হতে পারে?” 

“উনি একজন মাঠপর্যায়ের সংবাদকর্মী হিসেবে শুধু গণমানুষের মুখের কথাই তুলে ধরেছেন। এতে যদি কোনো অন্যায় হয়ে থাকে তাহলে আমরা দেশের ১৬ কোটি মানুষের সবাই অপরাধী।” 

অনতিবিলম্বে সাংবাদিক শামসের নিঃশর্ত মুক্তি এবং ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিলের দাবি জানান তিনি। 

বণিক বার্তার সাভার প্রতিনিধি সোহেল রানা বলেন, “স্বাধীনতা দিবসে প্রথম আলোর সংবাদ সরকারকে কোনোভাবেই বিব্রত করেনি।” 

মানববন্ধনে ঢাকা ট্রিবিউনের সাভার প্রতিনিধি আরিফুল ইসলাম সাব্বিরের সঞ্চালনায় বক্তব্য দেন শামসুজ্জামান শামসের ভাবী ও প্রয়াত পুলিশ কর্মকর্তা রবিউল করিমের স্ত্রী উম্মে সালমা।  

তিনি শামসের সম্মানের সঙ্গে নিঃশর্ত মুক্তি দাবি করেন। শামসকে গ্রেপ্তার করে অসম্মান করা হয়েছে বলে মনে করেন তিনি। 

আরও পড়ুন:

পুরানো খবর:

প্রথম আলো সম্পাদককে ‘হুকুমের আসামি’ করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
যুবলীগ নেতার মামলা সিআইডিতে, সাংবাদিক শামস কোথায়?
কেউ বিচার চাইলে পুলিশ ব্যবস্থা নিতেই পারে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
প্রথম আলোর শামসের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
‘ডেকে নিয়ে’ শামসকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয় সিআইডি, পরে গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী
সাংবাদিক শামসের নিঃশর্ত মুক্তি দাবি সিপিজে’র
শামসকে আটকের ঘটনায় মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের উদ্বেগ
প্রথম আলোর সাংবাদিক শামস কোর্ট হাজতে
কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে সাংবাদিক শামস