২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ‘মাদক কারবারিদের’ হামলা: পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে বিক্ষোভ

পুলিশ কমিশনার মাদক বিক্রেতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে এলাকাবাসী শান্ত হয়।

বরিশালে ‘মাদক কারবারিদের’ হামলা: পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে বিক্ষোভ

মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে বিক্ষুব্ধ এলাকাবাসী

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2022, 02:13 AM

Updated : 04 Sep 2022, 02:13 AM

বরিশালে মাদক বিক্রিতে বাধা দেওয়ার জেরে হামলার প্রতিবাদে মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে এলাকাবাসী।

শনিবার বিকালে বিক্ষোভের এক পর্যায়ে পুলিশ কমিশনার মাদক বিক্রেতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে এলাকাবাসী শান্ত হয়।

মাদক বিক্রেতাদের হামলায় আহত নগরীর খালেদাবাদ কলোনির রাতুলের বাবা পারভেজ আলমের অভিযোগ, “কলোনির দোকানি গোলাম শেখের ছেলে আরমান, মেয়ে সাথী ও আনু এবং মেয়ের স্বামী রফিকসহ পরিবারের সবাই বিভিন্ন মাদক কারবারের সঙ্গে জড়িত।

“এদের মাদক কারবার বন্ধে এলাকাবাসী বিভিন্ন সময় প্রতিবাদ করে। কিন্তু এদের সঙ্গে কোনোভাবেই পেরে ওঠা যায় না।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “দুপুরে আমার ছেলে রাতুল, এলাকার মুরগি ব্যবসায়ী হাজী আরমান, ইমরান, ইস্রাফিলসহ কয়েকজন প্রতিবাদ করেন। তখন মাদক বিক্রেতারা ধারালো অস্ত্র দিয়ে রাতুলের বুকে পোচ দিয়ে জখম করে।”

Image

মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে বিক্ষুব্ধ এলাকাবাসী

‘মাদক কারবারিদের’ এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে এলাকাবাসী মিছিল নিয়ে নগরীর আমতলা মোড় এলাকায় মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে।

এলাকার মুরগি ব্যবসায়ী আরমানের অভিযোগ, তার দোকানের সামনে প্রতিদিনই মাদক বেচাকেনা হয়। এ নিয়ে থানায় বহুবার অভিযোগ দিলেও কোনো কাজ হয়নি।

মাদক কারবারিদের সঙ্গে থানা পুলিশের সম্পর্কের কারণে এসব বন্ধ হচ্ছে না বলেও তার অভিযোগ।

স্থানীয় বাসিন্দা ও বরিশাল বিএম কলেজ ছাত্র সংসদের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কাজী মিলন একই রকম অভিযোগ করেন।

এলাকাবাসীর বিক্ষোভের এক পর্যায়ে পুলিশ কমিশনার সাইফুল ইসলাম তার কার্যালয়ে থেকে বেরিয়ে এসে সবাইকে শান্ত করে কয়েকজনকে ভেতরে নিয়ে বৈঠক করেন।

পরে তিনি উপস্থিত এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, “আমি আপনাদের সব অভিযোগ শুনেছি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এই মুহূর্তে অ্যাকশন নেওয়ার নির্দেশ দিয়েছি। আপনাদের কাছ থেকে মোট আটজনের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি।

“প্রাথমিকভাবে খোঁজখবর নিয়ে একই পরিবারের সাত-আটজন মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার সত্যতা পেয়েছি। ঘটনা তদন্ত করে এদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। আপনারা নিশ্চিন্তে ঘরে ফিরে যান।“

পরে তার আশ্বাসে এলাকাবাসী ফিরে যান।