২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইলিশ রক্ষা: তেতুলিয়া নদীতে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা

এ ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করা হবে বলে জানান মৎস্য কর্মকর্তা।

ইলিশ রক্ষা: তেতুলিয়া নদীতে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় তেতুলিয়া নদীতে হামলার শিকার হয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2023, 07:38 PM

Updated : 14 Oct 2023, 07:38 PM

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার তেতুলিয়া নদীতে মা ইলিশ রক্ষার অভিযান গিয়ে হামলার শিকার হয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নদীর মোস্তফাবাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম তানভীর আহমেদ।

এ হামলায় উপজেলা মৎস্য বিভাগের ট্রলারের মাঝি রবিউল হাসান, সুমন সরদার ও মো. সুজন আহত হয়েছেন।

এ ছাড়াও আটক করা দুইটি ইঞ্জিনচালিত নৌকা ছিনিয়ে নিয়েছে বলে জানিয়েছে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল হোসেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সহকারী কমিশনার (ভুমি) তানভীর আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত তেতুলিয়া নদীতে অভিযান চালায়।

“নদীতে মাছ শিকার করা জেলেদের ধাওয়া করে তিনটি ইঞ্জিনচালিতসহ পাঁচটি নৌকা ও কারেন্ট জাল উদ্ধার করেন। এ সময় ১৫০/২০০ নারী-পুরুষ এসে তাদের ওপর হামলা করেন। এ সময় তারা দুইটি ইঞ্জিনচালিত নৌকা ছিনিয়ে নেন।”

নৌকা দুইটি রক্ষা করতে এগিয়ে গেলে তিন মাঝিকে পিটিয়েছে হামলাকারীরা; এ ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করা হবে বলে জানিয়েছেন মৎস্য কর্মকর্তা।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম তানভীর আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হামলার পর একটি ইঞ্জিন চালিতসহ তিনটি নৌকা ও তিনটি কারেন্ট জাল জব্দ করা হয়েছে। হামলায় কেউ গুরতর আহত হয়নি। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।”

কারেন্ট জাল পুড়িয়ে এবং নৌকা তিনটি নিলামে বিক্রি করা হবে। এ ঘটনায় মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।