২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওঁরাওদের ৩০০ কলা গাছ কর্তন, মারধরে আহত দুই নারী

নওগাঁর মান্দা উপজেলার গনেশপুর ইউনিয়নের কাঞ্চন উত্তরপাড়া আদিবাসী পল্লীতে এ ঘটনা ঘটে।

ওঁরাওদের ৩০০ কলা গাছ কর্তন, মারধরে আহত দুই নারী

নওগাঁর মান্দা উপজেলায় ওঁরাও জাতিগোষ্ঠীর এক ব্যক্তির বাগানের অন্তত ৩০০ কলা গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2022, 11:49 PM

Updated : 19 Oct 2022, 11:49 PM

নওগাঁর মান্দা উপজেলায় ওঁরাও জাতিগোষ্ঠীর এক ব্যক্তির বাগানের অন্তত ৩০০ কলা গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এ সময় বাধা দিতে গিয়ে মারধরের শিকার হয়েছেন দুই নারী।

বুধবার বেলা ১১টার দিকে উপজেলার গনেশপুর ইউনিয়নের কাঞ্চন উত্তরপাড়া আদিবাসী পল্লীতে এ ঘটনা ঘটে বলে মান্দা থানার ওসি নূর-এ আলম সিদ্দিকী জানান। 

প্রতিপক্ষের মারধরে আহতরা হলেন- আলো বালা ওঁরাও (৩৬) এবং দিপালী রানী ওঁরাও (৩৩)। তাদের মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কলা বাগানের মালিক দাবিদার নয়ন চন্দ্র ওঁরাও বলেন, পৈত্রিক সূত্রে পাওয়া ৪৪ শতক সম্পত্তি দীর্ঘদিন ধরে তারা ভোগদখল করে আসছেন। এর মধ্যে ১০ শতক জমিতে তাদের বসতবাড়ি আছে। অবশিষ্ট জমিতে কলা বাগানের চাষ করেন।

“ওই সম্পত্তি একই গ্রামের খোকন ওঁরাও ও তার লোকজন দাবি করায় বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে নওগাঁ আদালতে উভয় পক্ষের মধ্যে মামলা চলছে “

নয়ন ওঁরাও অভিযোগ করে বলেন, “বিরোধের জের বুধবার সকালে খোকন ওঁরাওয়ের নেতৃত্বে স্বপন সরদার, রবি সরদাসহ ৭-৮ জন বাগানের কলা গাছ কেটে সাবাড় করে দেয়। এ সময় বাধা দেওয়ায় আমার স্ত্রী দিপালী ও ভাবী আলো বালাকে মারধর করা হয়। কলা গাছ কেটে আমার অন্তত দুই লাখ টাকার ক্ষতি করেছে প্রতিপক্ষ।“

এ বিষয়ে খোকন ওঁরাও দাবি করেন, “বিবাদমান সম্পত্তির মালিক আমার বড় মা। এ কারণে আমরাই ওই সম্পত্তির প্রকৃত মালিক। কিন্তু প্রতিপক্ষ তা গায়ের জোরে জবরদখল করে রেখেছে।”

মান্দা থানার ওসি নূর-এ আলম সিদ্দিকী বলেন, ৯৯৯ থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।