১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ফরিদপুরে বৃদ্ধা খুনে মেয়ের জামাই গ্রেপ্তার

পুলিশ বলছে, বৃদ্ধা তার মেয়ের সঙ্গে দেখা করতে বাধা দিলে ইউনুস ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা দা দিয়ে শাশুড়িকে কোপান।

ফরিদপুরে বৃদ্ধা খুনে মেয়ের জামাই গ্রেপ্তার

ফরিদপুরের নগরকান্দায় শাশুড়িকে হত্যার মামলায় গ্রেপ্তার ইউনুস মোল্লা।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2022, 07:55 PM

Updated : 10 Oct 2022, 07:55 PM

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় এক বৃদ্ধাকে খুনের মামলার প্রধান আসামি মেয়ের জামাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার গভীর রাতে মাগুরার মোহাম্মদপুর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান নগরকান্দা থানার ওসি মো. হাবিল হোসেন।  

গ্রেপ্তার মো. ইউনুস মোল্লা (৪০) ওই এলাকার ইমাম মোল্যার ছেলে ও নিহত নারীর মেয়ের জামাই। 

আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ওসি হাবিল হোসন জানান, ইউনুসের স্ত্রী প্রবাসে ছিলেন। সেখান থেকে সব টাকা-পয়সা স্বামীর কাছে না পাঠিয়ে মায়ের (ইউনুসের শাশুড়ি) কাছে পাঠাতেন। এ নিয়ে স্ত্রী ও শাশুড়ির সঙ্গে তার বিরোধ তৈরি হয়। 

ছয় মাস আগে ইউনুসের স্ত্রী দেশে ফিরে আসেন এবং স্বামীর বাড়ি না গিয়ে মায়ের পরামর্শে ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি নেন। কয়েকদিন আগে ইউনুসের স্ত্রী ঢাকা থেকে তার মায়ের কাছে ফিরেন। 

খবর পেয়ে ইউনুস শুক্রবার রাতে স্ত্রীর সঙ্গে দেখা করতে শ্বশুরবাড়ি যান। কিন্তু বৃদ্ধা তার মেয়ের সঙ্গে দেখা করতে বাধা দিলে ইউনুস ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা দা দিয়ে শাশুড়িকে কোপান।   

মামলার নথির বরাতে ওসি হাবিল আরও বলেন, এ সময় চিৎকার-চেঁচামেচি শুনে প্রতিবেশিরা এগিয়ে গেলে ইউনুস পালিয়ে যান। 

বৃদ্ধাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ঘটনার পরদিন পরিবারে পক্ষ থেকে ইউনুস মোল্লার বিরুদ্ধে মামলা হয়। 

এরপর থেকে ইউনুস মোল্লা পলাতক ছিলেন বলে পুলিশ জানায়। 

“আসামিকে সোমবার দুপুরে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে,” বলেন ওসি।