২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন বর্জনের প্রচারপত্র বিলির সময় শেরপুরে জেলা বিএনপির সম্পাদক আটক

ওসি জানান, সাধারণ সম্পাদক ছাড়াও আরও ছয়জনকে আটক করা হয়। এ সময় এলাকাবাসীর ইট-পাটকেল নিক্ষেপে চার পুলিশ সদস্য আহত হন।

নির্বাচন বর্জনের প্রচারপত্র বিলির সময় শেরপুরে জেলা বিএনপির সম্পাদক আটক

হযরত আলী

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2024, 10:53 AM

Updated : 03 Jan 2024, 10:53 AM

নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলীসহ সাতজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার বিকালে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের হরিণধরা এলাকায় নির্বাাচন বর্জনের প্রচারপত্র বিলির সময় তাদের আটক করা হয় বলে শেরপুর সদর থানার ওসি এমদাদুল হক জানান।

তবে আটক অন্য ছয়জনের নাম জানাতে পারেননি তিনি।

ওসি আরও জানান, ওই সাতজনকে আটক করতে গিয়ে এলাকাবাসীর ইট-পাটকেল নিক্ষেপে চার পুলিশ সদস্য আহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শটগানের গুলি ও কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে।

পুলিশের দাবি, ‘ডামি’ আখ্যা দিয়ে আসন্ন সংসদ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত তৈরির নামে নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছে বিএনপি।

এরই অংশ হিসেবে মঙ্গলবার বিকাল ৫টার দিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হযরত আলীর নেতৃত্বে বিএনপির ৫০/৬০ জন কর্মী-সমর্থক শেরপুর সদর উপজেলার হরিণধরা এলাকায় সমবেত হন।

খবর পেয়ে সদর থানা পুলিশের একটি দল সেখানে গিয়ে হযরত আলীসহ সাতজনকে আটক করে।

এ সময় হরিণধরা ও আশপাশের গ্রামের শতাধিক মানুষ সেখানে গিয়ে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন।

তারা পুলিশের হেফাজত থেকে হযরতকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় ইট-পাটকেলের আঘাতে পুলিশের কয়েকজন সদস্য আহত হন।

পরে শেরপুর সদর থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে শটগানের ১৭টি গুলি ও তিনটি কাঁদুনে গ্যাসের শেল নিক্ষেপ করে জনতাকে ছত্রভঙ্গ করে দেয়।

শেরপুর সদর থানার ওসি এমদাদুল হক বলেন, “এ বিষয়ে সদর থানায় মামলার প্রস্ততি চলছে। আটক হযরত আলীকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক বলেন, “ডামি নির্বাচন বর্জন করার আহ্বান জানিয়ে শেরপুরে বিএনপির উদ্যোগে প্রচারপত্র বিতরণ ও গণসংযোগের মত শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা হচ্ছিল।”

আটকের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সব নেতা-কর্মীর মুক্তির দাবি জানান মাহমুদুল হক।