নৌকার প্রার্থীর পক্ষে রঙিন ব্যানার ছাপিয়ে জরিমানা গুনলেন ব্যবসায়ী
এ ছাড়াও ব্যানারে অন্যের ছবি ব্যবহার ও মাপ ঠিক ছিল না বলে জানান টেকনাফের সহকারী কমিশনার (ভূমি)।
কক্সবাজারের টেকনাফে নৌকার প্রার্থী শাহীন আক্তারের পক্ষে রঙিন ব্যানার ছাপিয়ে জরিমানা গুনতে হয়েছে এক ব্যবসায়ী সমর্থককে।
এ ছাড়াও ব্যানারে অন্যের ছবি ব্যবহার ও মাপ ঠিক না থাকায় ভ্রাম্যমাণ আদালত কালু মিয়া নামে ওই মুদি দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করে বলে রোববার সন্ধ্যায় জানান টেকনাফের সহকারী কমিশনার (ভূমি) এরফানুল হক চৌধুরী।
তাৎক্ষণিক রঙিন ব্যানারটি অপসারণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, “রোববার বিকালে টেকনাফ বাস স্টেশন এলাকায় কালু মিয়াকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ জরিমানা থেকে অন্যরাও সতর্ক ও সচেতন হবেন।”
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে নৌকা প্রার্থী সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির স্ত্রী শাহীন আক্তার এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল বশর, জাতীয় পার্টির প্রার্থী নুরুল আমিন সিকদার ভুট্টো, তৃণমূল বিএনপির মুজিবুল হক মুজিব, ন্যাশনাল পিপলস পার্টির ফরিদ আলম, ইসলামী ঐক্যজোটের মো. ওসমান গণি চৌধুরী, বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ ইসমাইল।
