২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে ধান চুরির মামলায় ইউপি চেয়ারম্যানসহ ৯ জন কারাগারে

“আসামিরা বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত; তাদের বিরুদ্ধে আদালত ও থানায় বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে।” 

লক্ষ্মীপুরে ধান চুরির মামলায় ইউপি চেয়ারম্যানসহ ৯ জন কারাগারে

ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন জসীম।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2023, 07:14 PM

Updated : 20 Aug 2023, 07:14 PM

লক্ষ্মীপুরে ধান চুরির মামলায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এক ইউপি চেয়ারম্যানসহ নয়জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

রোববার দুপুরে লক্ষ্মীপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম (কমলনগর আমলী অঞ্চল) আদালতের বিচারক তারেক আজিজ আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী সাজ্জাদ হোসেন। 

আসামিরা হলেন চরবাদাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন জসীম, আদনান আমিন (৩০),ফরহাদ হোসেন (৪৫), ইফতেখার হোসেন শাওন (২৮), নুরুল আমিন(৫৫), অজি উল্যাহ (৪৫), খোরশেদ আলম (৪০), নোমান পাটওয়ারী (৩২) এবং সফিউল্যা(৪৫)। 

এদের সবার বাড়ি রামগতির চরসীতা ও কমলনগরের তোরাবগঞ্জ এলাকায়। 

মামলার বাদীর নাম জামেনারা আক্তার, তিনি কমলনগরের তোরাবগঞ্জ এলাকার ডা. সৈয়দ জাকির হোসেনের স্ত্রী এবং আসামিদের আত্মীয়। 

এজাহারে বলা হয়েছে, ২০২২ সালের ১২ ডিসেম্বর রাতে চেয়ারম্যান জসিম ও তার বড় ভাইয়ের নেতৃত্বে অন্য আসামিরা তোরাবগঞ্জ গ্রামে বাদীর ৪ একর ৪৫ শতাংশ জমিতে থাকা ২৫০ মণ আমন ধান কেটে নিয়ে যান। কেটে নেওয়া ধানের বাজারমূল্য প্রায় আড়াই লাখ টাকা। ধান লুটে বাধা দেওয়ায় বাদীকে মারধর ও শ্লীলতাহানির চেষ্টা করা হয়। 

এ ঘটনায় গত বছরের ১৫ ডিসেম্বর জামেনারা আক্তার বাদী হয়ে জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে ১৩ জনের বিরুদ্ধে মামলা করেন। আদালত ঘটনা তদন্ত করে প্রতিবেদন জমা দিতে কমলনগর থানার ওসি নির্দেশ দেয়। 

চলতি বছর ১৫ মার্চ কমলনগর থানা পুলিশ তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেন। 

জামেনারা আক্তার বলেন, আসামিরা বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে আদালত ও থানায় বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে।  

বাদীর আইনজীবী সাজ্জাদ হোসেন বলেন, “ধান চুরি মামলায় ইউপি চেয়ারম্যান জসিমসহ আসামিরা আদালতে জামিন আবেদন করেছিলেন। কিন্তু আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সে অনুযায়ী তাদের কারাগারে পাঠানো হয়েছে।”