১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বরিশালে খালে ডুবে খালু-ভাগ্নির মৃত্যু

গোসল করতে গিয়েছিলেন তারা; পরে খোঁজাখুঁজি করে লাশ পাওয়া যায়।

বরিশালে খালে ডুবে খালু-ভাগ্নির মৃত্যু

প্রতীকী ছবি

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2023, 01:12 AM

Updated : 01 Aug 2023, 01:12 AM

বরিশালের বানারীপাড়া উপজেলায় খালের পানিতে ডুবে একটি শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে।

সোমবার বিকালে দুজনের লাশ খাল থেকে উদ্ধার করা হয় বলে বানারীপাড়া থানার ওসি এস এম মাকসুদ আলম চৌধুরী জানিয়েছেন।

মৃত শিশু কন্যা ফাতেমা (৪) উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের মহিষাপোতা গ্রামের মো. আলাউদ্দীনের মেয়ে। মৃত অন্যজন তার খালু কাইয়ুম ফকির (৩৫), তার বাড়ি উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের মালিকান্দা গ্রামে।

ওসি মাকসুদ পরিবারের বরাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নানা বাড়িতে বেড়াতে আসা শিশু ফাতেমাকে নিয়ে বাইশারী ইউনিয়নের কচুয়া গ্রামের খালে দুপুর ২টার দিকে গোসল করতে যান খালু কাইয়ুম ফকির। গোসল শেষে তারা বাড়িতে না আসায় স্বজনরা খুঁজতে বের হয়। খাল পাড়ে এসে ট্রলারে দুজনের জামা-কাপড় দেখতে পায় তারা। কিন্তু কাইয়ুম ও ফাতেমার কোন সন্ধান না পেয়ে খালে খোঁজেন।

বিকাল ৫টার দিকে ট্রলার থেকে একশ গজ দুরে দুজনকে ডুবন্ত অবস্থায় পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসক দুজনকে মৃত ঘোষনা করেছেন।

ওসি বলেন, পরিবারের আবেদনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে লাশ বিনা ময়নাতদন্তে পরিবারকে হস্তান্তর করা হয়েছে।

তিনি বলেন, হার্ট ও কিডনিজনিত রোগে আক্রান্ত শিশুটি খালে পড়ে ডুবে গেলে তাকে উঠাতে গিয়ে কাইয়ুম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলে ধারণা করা হচ্ছে।