নাফ নদীতে জেলে গুলিবিদ্ধ
বিজিপির একটি দল বাংলাদেশ জলসীমায় ঢুকে গুলি ছোড়ে, অভিযোগ জেলেদের।
সাগরে মাছ ধরে ফেরার পথে নাফ নদীতে গুলিবদ্ধ হয়ে এক জেলে হাসপাতালে ভর্তি হয়েছেন।
টেকনাফের বাসিন্দা মোহাম্মদ কাসেম এখন কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় জেলেদের অভিযোগ, টেকনাফের নাফ নদীতে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি) বাংলাদেশ জলসীমায় ঢুকে গুলি ছোড়ে।
সোমবার বিকাল ৫টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপের গোলাচরে এ ঘটনা ঘটে বলে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ ইফতেখার জানান।
আহত মোহাম্মদ কাসেম টেকনাফ পৌরসভার নাইট্যং এলাকার প্রয়াত মনু মিয়ার ছেলে।
স্থানীয় জেলেদের বরাত দিয়ে টেকনাফ পৌর কাউন্সিলর দিল মোহাম্মদ বলেন, সকালে স্থানীয় জেলে জাহেদ হোসেন, মো. আনোয়ার, রহমত উল্লাহ ও মো. কাসেম মাছ ধরার নৌকা নিয়ে সাগরে মাছ শিকারে যান। মাছ শিকার শেষে বিকালে ফিরে আসার সময় হঠাৎ বিজিপির একটি দল বাংলাদেশ জলসীমায় ঢুকে গুলি ছোড়ে।
তিনি বলেন, এ সময় মোহাম্মদ কাসেম গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ জেলেকে দ্রুত স্থানীয় মাঝিমাল্লারা উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠান।
বিজিবি অধিনায়ক ইফতেখার জানান, বিষয়টি শুনেছেন; তবে ঘটনার কারণ সম্পর্কে জানেন না। ঘটনার ব্যাপারে জানার চেষ্টা করছেন।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক খানে আলম বলেন, বিকেলে দুই পায়ে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তিকে নিয়ে আসা হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
টেকনাফ মডেল থানার ওসি আব্দুল হালিম বলেন, সাগর থেকে মাছ ধরে ফেরার সময় নাফ নদীতে একজন জেলে গুলিবিদ্ধ হয়েছে বলে শুনেছেন। এ বিষয়ে তারা খোঁজ খবর নিচ্ছেন।
