২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ আফ্রিকায় দুর্ঘটনা: বউয়ের মুখ দেখা হলো না মিলনের

বিয়ে করতে বাড়ি আসছিলেন মিলন; তাকে নিয়ে একটি প্রাইভেটকারে সঙ্গীরা বিমানবন্দরে যাচ্ছিলেন।

নাজমুল হক শামীম

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2023, 12:36 AM

Updated : 28 Feb 2023, 03:24 PM

দক্ষিণ আফ্রিকার কেপটাউনে দুর্ঘটনায় আহত আরেকজন মারা গেছেন; যাকে নিয়ে নিহতের সংখ্যা হলো ছয়। 

সোমবার বাংলাদেশ সময় রাত ৯টার দিকে আফ্রিকার জর্জ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনিসুর রহমান মিলন (৩৮) মারা যান। 

মিলনের ছোট ভাই রিমন মিয়াজী সোমবার রাতে এ কথা জানিয়েছেন। 

আনিসুর রহমান মিলন ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের রামানন্দপুর গ্রামের বাহার মিয়ার ছেলে। তিন ভাই-বোনের মধ্যে তিনি সবার বড় ছিলেন।

গত শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে দেশটির জোহানেসবার্গ থেকে কেপটাউনে যাওয়ার পথে বাফেলো এলাকায় তাদের বহনকারী প্রাইভেটকার একটি লরির ভেতর ঢুকে গেলে পাঁচ বাংলাদেশি নিহত ও দুইজন আহত হয়েছিলেন। আহতদের একজন ছিলেন মিলন। 

বিয়ে করতে বাড়ি আসছিলেনমিলন। তাকে ফ্লাইটে তুলে দিতে তার সঙ্গীরা বিমানবন্দরে যাচ্ছিলেন। 

দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া জানান, “দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় আহত আনিসুর রহমান মিলন চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে মারা গেছেন বলে দূতাবাস থেকে নিশ্চিত হয়েছি।”

মিলনের বাবা বাহার মিয়া বলেন, “আমার বড় ছেলে মিলন প্রায় ১৩ বছর ধরে আফ্রিকায় বসবাস করে ব্যবসা পরিচালনা করে আসছিল। ১৫ দিন আগে আমাদের এক আত্মীয়ের মেয়ের সঙ্গে মোবাইল ফোনে মিলনের বিয়ে হয়েছিল। বউকে ঘরে তুলতে ১৩ বছর পর ছুটি নিয়ে দেশে আসার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিল।” 

মিলনের ছোট ভাই রিমন মিয়াজী বলেন, “ভাইয়া সোমবার রাতে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। নতুন বউকে ঘরে তুলতে গত শুক্রবার বাংলাদেশে আসার পথে তাকে বহনকারী প্রাইভেটকার দুর্ঘটনার কবলে পড়ে। ভাইকে এগিয়ে দেওয়ার জন্য ৬ প্রবাসী গাড়িতে করে বিমানবন্দর যাচ্ছিলেন।” 

নাহিদা আক্তার তানিয়া জানান, সবার মরদেহ একসঙ্গে দেশে আনার চেষ্টা চলছে। এ বিষয়ে বাংলাদেশ দূতাবাসসহ প্রশাসনিক সকল কার্যক্রম চলমান রয়েছে। 

ওইদিন ঘটনাস্থলে নিহতরা হলেন ফেনী সদরের পাঁচগাছিয়া ইউনিয়নের বিরলী গ্রামের শরিয়ত উল্যাহর ছেলে ইসমাইল হোসেন (৩৫), দাগনভূঞার মাতুভূঞা ইউনিয়নের মমারিজপুর গ্রামের আবদুল মান্নান মিলনের ছেলে দীন মোহাম্মদ রাজু (৩৩), জায়লস্কর ইউনিয়নের দক্ষিণ নেয়াজপুরের সিরাজ উল্যার ছেলে মোস্তফা কামাল পোপেল (৩৫) এবং সোনাগাজী উপজেলার চর মজলিশপুরের বাসিন্দা আবুল হোসেন (৪৫) ও তার ছেলে নাজিম হোসেন (১০)। 

আহত আনিসুল হক মিলনও মারা যাওয়ার পর এখন আহত থাকলেন গোপালগঞ্জের নাহিদ আহমেদ (৩৫)। 

আরও পড়ুন:

পুরনো খবর:

দেশের পথে একজনকে বিদায় দিতে গিয়ে চিরবিদায় তাদের