সাতক্ষীরায় খুন হন ভগ্নিপতি, শ্যালক গ্রেপ্তার যশোরে
কালিগঞ্জের সামছুর গাজীকে এ বছরের ১৫ সেপ্টেম্বর কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে একদল লোক।
সাতক্ষীরার কালিগঞ্জের এক হত্যা মামলার আসামি ধরা পড়েছেন যশোরে।
সোমবার যশোরের মনিরামপুর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব জানিয়েছে।
গ্রেপ্তার আহাদ আলী সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রঘুনাথপুর এলাকার বাসিন্দা।
এ নিয়ে এই ঘটনায় দুইজন গ্রেপ্তার হয়েছেন। এর আগে ঘটনার দিন পুলিশ আরেক আসামি শাহীন আলমকে কালিকাপুরের বাড়ি থেকে গ্রেপ্তার করেছে।
কালিগঞ্জের সামছুর গাজী হত্যায় তার ছেলে শাহিনুর বাদী হয়ে সাকালীগঞ্জ থানায় ছয় জনের নামসহ অজ্ঞাত পরিচয় আরও ২/৩ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এই মামলার আসামি আহাদ আলী।
মামলার বরাতে র্যাব-৬ সাতক্ষীরার কোম্পানি কমান্ডার মেজর জে এম গালিব হোসাইন খান জানান, সাতক্ষীরার কালিগঞ্জের রঘুনাথপুরের ফজর আলী ও তার দুলা ভাই সামছুর গাজীর মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল। মাছ চুরির একটি ঘটনা নিয়ে গত বৃহস্পতিবার [১৫ সেপ্টেম্বর] দুপুরে সামছুর গাজীর শ্যালক ফজর আলী ও আহাদ আলীর সঙ্গে কথা কাটাকাটি হয়।
“এক পর্যায়ে সামছুরকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা এবং তার স্ত্রী মজিদাকে কুপিয়ে জখম করা হয়।”
গালিব হোসাইন জানান, এ ঘটনায় ওইদিন নিহতের ছোট ছেলে শাহিনুর বাদী হয়ে কালীগঞ্জ থানায় ছয় জনের নামসহ আরও অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। ওইদিনই পুলিশ শাহীন আলমকে কালিকাপুরের বাড়ি থেকে গ্রেপ্তার করে।
“হত্যা মামলার হোতা আহাদ আলীকে যশোরের মনিরামপুর থেকে গ্রেপ্তার করা হয়। আহাদ আলী হত্যায় সরাসরি সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন।”
তাকে কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
