২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী মেডিকেলে সন্তানের জন্ম, মর্গে বাবার লাশ

দ্রুতগতির ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2022, 04:37 PM

Updated : 09 Dec 2022, 04:39 PM

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মোহাম্মদ কামরুজ্জামানের সন্তানের জন্ম হয়। সেখান থেকে ফেরার পথে ট্রাক চাপায় প্রাণ হারালে তার লাশ ওই হাসপাতালের মর্গেই নেওয়া হয়।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর খড়খড়ি বাইপাসের বামনশিকড় মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে মতিহার থানার ওসি আনোয়ার আলী তুহিন জানান।

নিহত ৩২ বছর বয়সী মোহাম্মদ কামরুজ্জামান রুবেল নগরীর উপকণ্ঠ কাটাখালীর মাসকাটা দীঘির মৃত কালাম ইসলামের ছেলে।

ওসি আনোয়ার বলেন, গত মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রুবেলের স্ত্রী সন্তান প্রসব করেন। দুপুরে হাসপাতাল থেকে খড়খড়ি বাইপাস হয়ে বামনশিকড় গ্রামে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন রুবেল।

“পথে একটি দ্রুতগতির ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

রুবেলের লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে ট্রাকসহ চালক পালিয়ে গেছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।