২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনকালীন সরকারের রূপরেখা দেবে বিএনপি, এটা হাস্যকর: হানিফ

“লবিস্ট নিয়োগ দিয়ে দেশকে ধ্বংসের চক্রান্ত করা বিএনপির কাছে নতুন কিছু নয়।”

নির্বাচনকালীন সরকারের রূপরেখা দেবে বিএনপি, এটা হাস্যকর: হানিফ

কুষ্টিয়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2023, 07:21 PM

Updated : 27 Jun 2023, 07:21 PM

বিএনপির নির্বাচনকালীন সরকারের রূপরেখা দেওয়াকে হাস্যকর বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

মঙ্গলবার সকালে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের আয়োজনে নিজ বাসভবনে সাংবাদিকদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, “বিএনপি নির্বাচনকালীন সরকারের রূপরেখা দেবে, এটা হাস্যকর; যা নিয়ে জনগণ কিংবা সরকার কেউই মাথা ঘামাচ্ছে না।”

মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিবাস্বপ্ন দেখছেন বলে মন্তব্য করে তিনি বলেন, “তিনি কীভাবে বলেন, জনগণের সঙ্গে সরকারের সম্পর্ক নেই। সম্পর্ক আছে বলেই এখনও সরকার টিকে আছে। শেখ হাসিনার উপর দেশের সিংহভাগ মানুষের আস্থা রয়েছে।

“বিএনপির শীর্ষ দুই নেতাই দণ্ডপ্রাপ্ত। তাদের উপর জনগণের কোনো আস্থা নেই।”

লবিস্ট নিয়োগ নিয়ে হানিফ বলেন, “অতীতেও বিএনপি লবিস্ট নিয়োগ করেছিল। লবিস্ট নিয়োগ দিয়ে দেশকে ধ্বংসের চক্রান্ত করা বিএনপির কাছে নতুন কিছু নয়।”

কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি আফরোজা আক্তার ডিও ও জেলা আওয়ামী লীগের নেতারা।

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ৮০ জন সাংবাদিককে ১০ হাজার টাকা করে চেক দেওয়া হয়।