২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে পুলিশ ফাঁড়িতে সালিশে ‘প্রতিপক্ষের মারধরে’ আহত ১

আহত ব্যক্তি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

যশোরে পুলিশ ফাঁড়িতে সালিশে ‘প্রতিপক্ষের মারধরে’ আহত ১

আব্দুল কুদ্দুস

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2023, 06:17 PM

Updated : 20 Apr 2023, 06:24 PM

যশোরে পুলিশ ফাঁড়িতে সালিশে এক ব্যক্তিকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহযোগীদের বিরুদ্ধে।

যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানান এ ঘটনায় আহত আব্দুল কুদ্দুস।

বুধবার রাতে সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের তালবাড়িয়া ফাঁড়িতে এ ঘটনা ঘটে বলে জানান সালিশে উপস্থিত থাকা স্থানীয় ইউপি সদস্য টিপু সুলতান।

তবে হামলার কথা অস্বীকার করে বিষয়টিকে ধাক্কাধাক্কি বলছেন ফাঁড়ির ইনচার্জ ইকরামুল ইসলাম।

তিনি বলেন, “আব্দুল কুদ্দুস সম্প্রতি এক বিধবাকে দ্বিতীয় বিয়ে করেছেন। ওই বিধবার এক ছেলে থানায় অভিযোগ করেছেন, তার মা দ্বিতীয় বিয়ের পর তাদের দুই ভাইকে বাড়িতে থাকতে দিচ্ছেন না। কিন্তু ওই বাড়ি পৈত্রিক সূত্রে তাদের প্রাপ্য।”

ইকরামুল ইসলাম আরও বলেন, “বিষয়টি মীমাংসার জন্য দু’পক্ষকে বুধবার সন্ধ্যার পর ফাঁড়িতে আসতে বলা হয়। একইসঙ্গে স্থানীয় ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির তুহিনকে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়। সালিশে আব্দুল কুদ্দুসের প্রথম স্ত্রীর পক্ষের লোকজন এলে উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় নিজেদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ধাক্কাধাক্বি হলে দু’পক্ষকে শান্ত করা হয়। পরে জেনেছি, কুদ্দুসকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ঘটনা তেমন গুরুতর নয়।”

সালিশে উপস্থিত থাকা স্থানীয় ইউপি সদস্য টিপু সুলতান বলেন, “ফাঁড়ি ইনচার্জ ইকরামুল ইসলামের কক্ষে সালিশ চলাকালে হঠাৎ কয়েক জন কুদ্দুসকে টেনে-হিঁচড়ে বাইরে নিয়ে বেদম মারপিট করে। পুলিশ ফাঁড়িতে এমন ঘটনা অনাকাঙ্ক্ষিত।

“যদি মারধরই করা হবে তবে সালিশ কেন? এ কথা বলে আমি সেখান থেকে চলে আসি।”

আহত কুদ্দুস জানান, সালিশ চলাকালে চেয়ারম্যান তার উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ সময় চেয়ারম্যানের কয়েকজন সহযোগী তাকে টেনে ফাঁড়ির ইনচার্জের কক্ষ থেকে বাইরে বের করে নিয়ে মারপিট করে।

তার মাথা কয়েকবার দেয়ালে ঠুকে দেওয়া হয় বলেও অভিযোগ করেন আব্দুল কুদ্দুস।

তবে ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির তুহিন তার লোকজন মারপিটে জড়িত থাকার কথা অস্বীকার করে বলেন, “কুদ্দুস তার প্রথম পক্ষের স্ত্রীর অনুমতি ছাড়াই দ্বিতীয় বিয়ে করেছেন। অথচ সে প্রথম স্ত্রীর বাবার বাড়িতেই থাকে। এ অবস্থায় দ্বিতীয় বিয়ে করায় স্থানীয় অধিকাংশ লোকই তার উপর ক্ষিপ্ত। আবার একই গ্রামে যেখানে দ্বিতীয় বিয়ে করেছে, সেখানে ওই নারীর দুই ছেলেকে তাড়িয়ে দিয়ে তাদের জমিও সে (আব্দুল কুদ্দুস) কব্জায় নিতে চায়। এ কারণে সে জনরোষের শিকার হয়েছে।”

আব্দুল কুদ্দুসকে বুধবার রাতে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ওই হাসপাতালের চিকিৎসক ফারহান আজমাইন ফাহিম জানান, আব্দুল কুদ্দুসের শরীরে মারপিটের চিহ্ন আছে। তবে অবস্থা গুরুতর নয়।