২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুর-১: অর্ধশতাধিক কেন্দ্রে পুনরায় ভোটের দাবি দোলনের

বুধবার নির্বাচন কমিশন কার্যালয়ে সিইসি কাজী হাবিবুল আউয়াল বরাবর লিখিত অভিযোগ জমা দেন তিনি।

ফরিদপুর-১: অর্ধশতাধিক কেন্দ্রে পুনরায় ভোটের দাবি দোলনের

স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2024, 08:55 PM

Updated : 10 Jan 2024, 08:55 PM

দ্বাদশ সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনে ভোট গণনা ও অনিয়মের অভিযোগে অর্ধশতাধিক কেন্দ্রে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলন।

মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলা নিয়ে গঠিত এই আসনে বিজয়ী নৌকা প্রতীকের আওয়ামী লীগের প্রার্থী দলটির সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান। তিনি পেয়েছেন ১ লাখ ২৩ হাজার ৩৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলন পেয়েছেন ৮৪ হাজার ৯৮৯ ভোট।

বুধবার ‘তথ্য-প্রমাণাদিসহ’ ঢাকায় নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বরাবর লিখিত অভিযোগ জমা দেন তিনি।

অভিযোগের কপি আরিফুর রহমান দোলন সাংবাদিকদের কাছেও পাঠিয়েছেন।

অভিযোগে আরিফুর রহমান বলেন, “ফরিদপুর-১ আসনের বিভিন্ন ভোটকেন্দ্রে নির্বাচনি অনিয়ম, ঈগল প্রতীকের এজেন্টদের বের করে দেওয়া, নির্বাচনি আইন লঙ্ঘনসহ ব্যাপক জালভোট দিতে দেখা গেছে একজন বিশেষ প্রার্থীর পক্ষে। মৃত ব্যক্তি, প্রবাসীদের ভোটও নেওয়া হয়েছে।

“অনিয়মের বিষয়ে প্রিজাইডিং কর্মকর্তাদের অবগত করলেও তাদের সহযোগিতা পাওয়া যায়নি। রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তাদের বিষয়টি সঙ্গে সঙ্গে জানানোর পরেও প্রতিকার মেলেনি।”

নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে অনেকগুলো কেন্দ্রে অবৈধভাবে প্রবেশ করে ব্যালট পেপারে ওই প্রার্থীর প্রতীকে সিল মারা হয় বলেও অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে আরিফুর রহমান দোলন বলেন, “এই আসনে তিন থানায় এক সঙ্গে চোখ রাখা কঠিন ছিল। তারপরও দুপুরের পর থেকে খোঁজখবর ও আমি নিজে দেখেছি ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা প্রভাব বিস্তার করে অনেক কেন্দ্র জোর করে ভোট দিয়েছে। এই জন্য আমি নির্বাচন কমিশনে অভিযোগ করেছি।”