২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘পাঠ্যপুস্তককে বিকৃত করে শিক্ষার্থীদের ভুল শেখাচ্ছে সরকার’

খন্দকার মোশাররফ অভিযোগ করেন, এ সরকার এক লাখের বেশি মামলা দিয়ে বিএনপির ৩৭ লাখ নেতা-কর্মীকে আসামি করেছে।

‘পাঠ্যপুস্তককে বিকৃত করে শিক্ষার্থীদের ভুল শেখাচ্ছে সরকার’

বক্তব্য শেষে ১১ ফেব্রুয়ারি সারাদেশে বিএনপির পদযাত্রা কর্মসূচির ঘোষণা দেন খন্দকার মোশাররফ হোসেন।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2023, 09:13 PM

Updated : 04 Feb 2023, 09:13 PM

এ সরকার শুধু গণতন্ত্রই নয়, পাঠ্যপুস্তককে বিকৃত করে ভুল শিক্ষা দিয়ে দেশের ভবিষ্যৎ প্রজন্মকেও ধ্বংস করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

শনিবার বিকালে কুমিল্লা নগরীর টাউনহল মাঠে বিএনপির বিভাগীয়  গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বর্তমান সরকারকে ‘স্বৈরশাসক’ আখ্যা দিয়ে তিনি বলেন, “ইতিহাস থেকেই দেখা যায়, কোনো স্বৈরশাসকের বিদায় আপসে হয় না। রাতের ভোটে নির্বাচিত এই সরকারকে গণঅভ্যূত্থানের মাধ্যমে বিদায় করতে হবে।”

আন্তর্জাতিক মহল এই সরকারকে ‘হাইব্রিড সরকার’ উপাধি দিয়েছে বলে মন্তব্য করেন বিএনপির এ কেন্দ্রীয় নেতা।

খন্দকার মোশাররফ বলেন, “কিছুদিন আগে জাপানের রাষ্ট্রদূত বলেছেন- দিনের ভোট রাতে হওয়ার মতো ঘটনা তিনি অন্য কোথাও দেখেননি।”

গত বুধবার হয়ে যাওয়া দেশের ৬টি সংসদীয় আসনের উপনির্বাচন প্রসঙ্গে বিএনপির জ্যেষ্ঠ এ নেতা বলেন, “ওই উপনির্বাচনে পাঁচ শতাংশ মানুষও ভোট দিতে যায়নি। এ থেকে প্রমাণ হয়, যারা গণতন্ত্র হত্যা করেছে, তাদের পক্ষে গণতন্ত্র ফিরিয়ে দেওয়া সম্ভব নয়।”

এ সরকার এক লাখের বেশি মামলা দিয়ে বিএনপির ৩৭ লাখ নেতা-কর্মীকে আসামি করেছে বলে তিনি অভিযোগ করেন।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, “রাতের ভোটের সরকার বিএনপিকে দাবিয়ে রাখতে চায়। কিন্তু শত অত্যাচার-নির্যাতন সহ্য করে বিএনপি আরও শক্তিশালী হয়েছে।

সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, “সরকার দেশের অর্থনীতিকে যেভাবে ধ্বংস করেছে; সেটা তারা মেরামত করতে পারবে না। আজকে জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুৎ, পানির দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি করেছে তারা। তারা এই দাম আর কমাতে পারবে না, নিয়ন্ত্রণও করতে পারবে না।”

বক্তব্যের শেষে আগামী ১১ ফেব্রুয়ারি সারাদেশে বিএনপির পদযাত্রা কর্মসূচি পালনের ঘোষণা দেন খন্দকার মোশাররফ হোসেন।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক এবং কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজী আমিন-উর-রশিদ ইয়াছিনের সভাপতিত্বে গণসমাবেশে সভাপতিত্ব করেন।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির কুমিল্লা (সাংগঠনিক) বিভাগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক সায়েদুল হক সাইদ।

এ ছাড়া কুমিল্লা দক্ষিণ ও উত্তর জেলা, কুমিল্লা মহানগর, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া ইউনিট বিএনপির জ্যেষ্ঠ নেতারা বক্তব্য দেন।