২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে নারী নিহত

হতাহতরা স্থানীয় তালতলী এলাকার ওয়ান কম্পোজিট কারখানার শ্রমিক

গাজীপুর প্রতিনিধি

Published : 27 Jul 2022, 05:30 PM

Updated : 27 Jul 2022, 05:30 PM

গাজীপুর সদর উপজেলার জয়দেবপুরে ট্রাক ও অটোরিকশার মধ্যে সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও চারজন।

বুধবার সকাল পৌনে ৮টার দিকে উপজেলার পিরুজালী এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানান জয়দেবপুর থানার এসআই ইবনে সাউদ।

নিহত নুরুন নাহার বেগম (৩৬) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সিরাজপুর গ্রামের আলী হোসেনের স্ত্রী।

আহতরা হলেন, স্থানীয় বাসিন্দা মো. তৌহিদুল ইসলাম (৩২), সালমা বেগম (২৫), হারেজ আলী (২২) ও সরোয়ার (৩০)।

হতাহতরা স্থানীয় ভাওয়াল মির্জাপুর ইউনিয়নের তালতলী এলাকার ওয়ান কম্পোজিট কারখানার শ্রমিক বলে জানা গেছে।

এসআই ইবনে সাউদ জানান, ব্যাটারিচালিত অটোরিকশাযোগে কর্মস্থল যাচ্ছিলেন তারা। পথে পিরুজালী মধ্যপাড়া খলিফা মার্কেট এলাকায় ল্যাংড়া মার্কেট থেকে সড়কঘাট বাজারগামী রাস্তার উপর বিপরীতমুখী ট্রাকের অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী এক নারী নিহত এবং আরও চার যাত্রী আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ও নিহতের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ট্রাকটি আটক করতে পারলেও চালক পালিয়ে গেছে বলে জানান এসআই ইবনে সাউদ।