২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওরস থেকে ফেরার পথে ট্রলি উল্টে নিহত ২ শ্রমিক

ট্রলিটি উল্টে গেলে ঘটনাস্থলেই দুজন নিহত হয়।

ওরস থেকে ফেরার পথে ট্রলি উল্টে নিহত ২ শ্রমিক

প্রতীকী ছবি

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2023, 05:08 PM

Updated : 17 Feb 2023, 04:00 PM

নেত্রকোণার মদনে ওরস দেখে বাড়ি ফেরার পথে ট্রলি উল্টে দুই কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুই শ্রমিক।

বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলার মদন-খালিয়াজুরি সড়কের গোবিন্দশ্রী সুজন বাজারে এ ঘটনা ঘটে বলে মদন থানার ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান জানান।

নিহতরা হলেন- খালিয়াজুরি উপজেলার জগন্নাথপুর গ্রামের রাজ্জত আলীর ছেলে আদম আলী (৩২) ও একই গ্রামের লাক মিয়ার ছেলে রাসেল মিয়া (১৮)।

তাদের লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানায়।

আহতরা হলেন- একই গ্রামের অনিল মিয়া ও সরল মিয়া। তাদের আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি তাওহীদুর বলেন, গত মঙ্গলবার মদন পৌর শহরে বুড়াপীরের বাৎসরিক ওরস মাহফিল শুরু হয়। বুধবার ওরসের দ্বিতীয় রাতে খালিয়াজুরির জগন্নাথপুর গ্রামের কয়েকজন কৃষি শ্রমিক ওরস দেখতে যান।

“রাতভর সেখানে গান শুনে বৃহস্পতিবার ভোর চারটার দিকে ট্রলিতে করে বাড়ির দিকে রওনা দেন তারা। পথে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটি উল্টে গেলে ঘটনাস্থলেই আদম আলী ও রাসেল মিয়া নিহত হয়।”

ঘটনার পর থেকে গাড়ি চালক পলাতক রয়েছে। এ ঘটনায় নিহতের স্বজনরা লিখিত অভিযোগ দিলে আনইগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।