২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে ইটভাঙা মেশিনের গাড়ি উল্টে শ্রমিকের মৃত্যু

চিকিৎসক জানান, হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2023, 01:28 PM

Updated : 13 Feb 2023, 01:36 PM

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ইটভাঙা মেশিনের গাড়ি উল্টে এক শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছে আরও তিনজন।

সোমবার সকাল সোয়া ৯টার দিকে উপজেলার লেছড়াগঞ্জ-কান্ঠাপাড়া বাজার এলাকায় নেপাল হালদারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে বলে হরিরামপুর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম জানান।

নিহত শ্রমিক হেলাল মোল্লা (৫৬) উপজেলার চালা ইউনিয়নের দিয়াপাড় গ্রামের মৃত তারা মোল্লার ছেলে।

আহতরা হলেন-গাড়ির মালিক ইউসুফ দেওয়ান, শ্রমিক ফরিদ ও রাব্বি।

স্থানীয়দের বরাতে ওসি মিজানুর বলেন, ইউসুফ ইটভাঙা মেশিনের গাড়িটি চালিয়ে পিপুলিয়া যাচ্ছিলেন। পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা খেয়ে উল্টে যায়। এ সময় শ্রমিক হেলাল মোল্লা গাড়ির নিচে চাপা পড়ে।

পরে স্থানীয়রা তাকে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

প্রত্যক্ষদর্শী সুজিত হালদার বলেন, “বিকট শব্দ শুনে গিয়ে দেখি ইটভাঙা মেশিন উল্টে আছে। সেখান থেকে গুরুতর অবস্থায় একজনকে হাসপাতালে পাঠাই। পরে শুনলাম তিনি মারা গেছেন।”

হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. শামিম মিয়া বলেন, “হাসপাতালে আনার আগেই হেলাল মোল্লা মারা গেছেন। তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি।”

এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।