লালমনিরহাটের তিস্তায় নৌকাডুবি: একজনের লাশ উদ্ধার, নিখোঁজ ২
রোববার সকালে হাতীবান্ধার সিঙ্গিমারী ইউনিয়নের ধুবনীতে হাজীর মোড়ের পশ্চিম পাশে তিস্তা নদীতে নৌকাডুবি হয়।
লালমনিরহাটে তিস্তা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ তিনজনের মধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার সকাল সাড়ে ৮টার দিকে হাতীবান্ধার সিঙ্গিমারী ইউনিয়নের ধুবনীতে হাজীর মোড়ের পশ্চিম পাশে তিস্তা নদীতে এই নৌকাডুবি হয়। ফায়ার সার্ভিসের ডুবুরিরা কয়েক ঘণ্টা চেষ্টা করে বিকালে একজনের লাশ উদ্ধার করেন।
নিহত ব্যক্তির নাম শফিকুল ইসলাম (৪৮)। তার বাড়ি হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামে।
এ ঘটনায় এখনও নিখোঁজ একই গ্রামের ফজলুর রহমান (৫০) ও আহেদুল ইসলাম (৫৫)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিঙ্গিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু জানান, সকালে ১৪-১৫ জন শ্রমিক একটি ডিঙি নৌকায় তিস্তা নদী পার হচ্ছিলেন। এ সময় মাঝ নদীতে প্রবল স্রোতে নৌকাটি ডুবে যায়। এতে প্রায় সবাই সাঁতরে তীরে উঠলেও তিনজন নিখোঁজ হন। পরে বিকেলে নিখোঁজদের মধ্যে একজনের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
লালমনিরহাট ফায়ার সাভিসের উপ-সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন বলেন, বাকি দুজনকে উদ্ধারে হাতীবান্ধা ও লালমনিরহাট ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান অব্যাহত রেখেছেন।
