চাঁদপুরে সালিশে নারীকে মারধর: ইউপি সদস্যসহ ৪ জন কারাগারে
অভিযোগে বলা হয়, সালিশে মারধর ছাড়াও এর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।
চাঁদপুরের কচুয়ার উপজেলায় সালিশ বৈঠকে এক নারীকে মারধরের অভিযোগে আটক ইউপি সদস্যসহ চার জনকে কারাগারে পাঠানো হয়েছে।
গত বুধবার বিকালে সালিশ বৈঠকে প্রকাশ্যে ওই নারীকে মারধর ও ভিডিও ধারণের অভিযোগে ওই চার জনকে আটক করে কচুয়া থানা পুলিশ।
বৃহস্পতিবার বিকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে কচুয়া থানার ওসি মো. ইব্রাহীম খলিল জানান।
৩০ বছর বয়সি ওই নারী জানান, ৯ বছর আগে তার স্বামী মারা যান। পরে তিনি আদালতের মাধ্যমে একই গ্রামের এক যুবককে বিয়ে করেন।
গত বুধবার বিকালে কচুয়ার ৬ নম্বর উত্তর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফরিদ আহমেদের বাড়িতে ওই নারীর দ্বিতীয় বিয়ের ঘটনাকে কেন্দ্র করে সালিশ বসে।
ওই নারী আরও বলেন, সালিশে প্রথম স্বামীর বড় ভাইয়ের ছেলে আলমগীর তাকে প্রকাশ্যে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন।
এ সময় মারধরের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় বলে ওই নারী অভিযোগে উল্লেখ করেন।
কচুয়া থানার ওসি মো. ইব্রাহীম খলিল বলেন, “ঘটনার রাতে ওই নারী কচুয়া থানায় অভিযোগ করলে পুলিশ ইউপি সদস্য ফরিদ আহমেদ ও তার ভাই জসিমসহ চার জনকে আটক করে।
“এ ছাড়া প্রধান আসামি আলমগীরকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।”
