১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শিবপুরের চেয়ারম্যানকে গুলি: আটক ৪, মোটরসাইকেল জব্দ

আটকদের দেওয়া তথ্যে একটি বাড়ি থেকে ‘হামলার সময় ব্যবহৃত’ একটি মোটরসাইকেল জব্দ করা করেছে।

শিবপুরের চেয়ারম্যানকে গুলি: আটক ৪, মোটরসাইকেল জব্দ

হামলার প্রতিবাদ ও অপরাধীদের আইনের আওতায় আনার দাবিতে রোববার সকালে শিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2023, 06:59 PM

Updated : 26 Feb 2023, 07:15 PM

নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনুর রশিদ খানকে গুলি করার ঘটনায় জড়িত সন্দেহে চার জনকে আটক করেছে পুলিশ। ‘হামলায় ব্যবহৃত’ একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।  

শনিবার ও রোববার জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে শিবপুর মডেল থানার ওসি ফিরোজ তালুকদার জানান।

আটকরা হলেন শিবপুরের পুটিয়া কামারগাঁওয়ের প্রয়াত হাফিজ উদ্দিনের ছেলে মো. ফরিদ সরকার (৬৩), সৈয়দনগরের রোকন উদ্দিনের ছেলে মো. সাব্বির (৩২), পূর্ব সৈয়দনগরের আয়েছ আলীর ছেলে মনসুর আহমেদ রানা (৪৩) ও কামারগাঁওয়ের প্রয়াত সিরাজ মোল্লার ছেলে মোমেন মোল্লা (৫৯)। 

ওসি ফিরোজ তালুকদার জানান, শনিবার থেকে রোববার দুপুর পর্যন্ত চার জনকে আটক করা হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পালপাড়া বাজার রোডের পাশের একটি নির্জন বাড়ি থেকে হামলার সময় ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা করেছে।

ওসি বলেন, “এই ঘটনায় এখনও থানায় অভিযোগ দায়ের করা হয়নি। আমরা আহত উপজেলা চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি। তিনি সুস্থ হয়ে অভিযোগ দায়ের করবেন।

এই হামলায় আইনি পদক্ষেপের বিষয়ে জেলা পুলিশের কর্মকর্তারা সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন বলে জানান ওসি।

শনিবার সকালে উপজেলা সদরের বাজার সড়কের নিজ বাড়ির সামনে গুলিবিদ্ধ হন শিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হারুন অর রশিদ খান।

মোটরসাইকেলে আসা মুখোশপরা তিন বন্দুকধারী তাকে গুলি করে পালিয়ে যায়।  

আহত হারুনকে প্রথমে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনার পর শনিবার সকাল ৯টা থেকে উপজেলার প্রধান সড়ক ও ঢাকা-সিলেট মহাসড়কে টায়ার জ্বালিয়ে প্রায় ৫ ঘণ্টা অবরোধ ও বিক্ষোভ করেন এলাকাবাসী।

রোববারও বিক্ষোভ সমাবেশ

এই হামলার প্রতিবাদ ও অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে রোববারও বিক্ষোভ সমাবেশ হয়েছে।সকালে শিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এই বিক্ষোভ সমাবেশ করে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড।

সমাবেশে বক্তারা দ্রুত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। তারা এ হামলার তীব্র নিন্দা জানান।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মহসিন নাজিরের সভাপতিত্বে সমাবেশে সাধারণ সম্পাদক সামসুল আলম ভুইয়া রাখিল, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান বুলু, ডেপুটি কমান্ডার মোতালিব খানসহ মুক্তিযোদ্ধার সন্তানেরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

নরসিংদীতে উপজেলা চেয়ারম্যানকে গুলি  

নরসিংদীতে সাবেক ইউপি সদস্যের গুলিবিদ্ধ লাশ উদ্ধার