১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নরসিংদীতে উপজেলা চেয়ারম্যানকে গুলি

ঘটনার পর থেকে পুরো উপজেলায় থমথমে অবস্থা বিরাজ করছে।

নরসিংদীতে উপজেলা চেয়ারম্যানকে গুলি

শিবপুর উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খান।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2023, 12:24 PM

Updated : 25 Feb 2023, 12:46 PM

নরসিংদীর শিবপুর উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খানকে গুলি করেছে মুখোশধারীরা।

শনিবার ভোর ৫টার দিকে শিবপুর পৌর এলাকার বাজার সড়কের হারুনের বাড়ির দরজায় এ ঘটনা ঘটে বলে শিবপুর থানার ওসি ফিরোজ তালুকদার জানান।

শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি। তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি বলেন, হারুনুর রশিদ খান শনিবার ভোর ৫টার দিকে বাড়ি থেকে বেরিয়ে মসজিদে নামাজ পড়তে যান। সেখান থেকে ফেরার পথে বাড়ির গেইটে মোটরসাইকেলে আসা তিন মুখোশধারী তাকে পেছন থেকে পরপর তিনটি গুলি করে। এতে তার পিঠে গুলি লাগে।

তাকে উদ্ধার করে প্রথমে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং জড়িতদের ধরতে অভিযান শুরু হয়েছে।

এদিকে ঘটনার পর থেকে পুরো উপজেলায় থমথমে অবস্থা বিরাজ করছে। এ বিষয়ে কথা বলতে একাধিক স্থানীয় আওয়ামী লীগ নেতাকে ফোন করেও সাড়া মেলেনি।