১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

সিংড়ার রুবেলকে প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের

“তিনি (পলক) বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ প্রার্থিতা প্রত্যাহার করে নিতে হবে।”

সিংড়ার রুবেলকে প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে আওয়ামী লীগ নেতা লুৎফুল হাবিব রুবেল।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2024, 08:50 PM

Updated : 19 Apr 2024, 08:50 PM

নাটোরের সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী লুৎফুল হাবিব রুবেলকে প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অপহরণ ও মারপিটের অভিযোগ আসার পর সমালোচিত রুবেলকে শুক্রবার সকালেই প্রতিমন্ত্রী মোবাইল ফোনে প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ দেন বলে জানিয়েছেন সিংড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিংড়া পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস।

জান্নাতুল ফেরদৌস বলেন, “প্রতিমন্ত্রী মহোদয় সকালে রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে প্রার্থী দেলোয়ার হোসেনকে দেখতে যাওয়ার সময় লুৎফুল হাবিব রুবেলকে মোবাইল ফোনে সিংড়া উপজেলা পরিষদ নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ দেন।”

লুৎফুল হাবিব রুবেল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের এই শ্যালক এবার উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হয়েছেন।

সোমবার বিকালে নাটোর জেলা নির্বাচন কার্যালয়ের সামনে থেকে চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ার হোসেনকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় একদল লোক। কয়েক ঘণ্টা পর তাকে বাড়ির সামনে ফেলে যায় তারা।

এ ঘটনায় দেলোয়ারের পরিবার শেরকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছেড়ে উপজেলায় নির্বাচন করতে আসা রুবেলের বিরুদ্ধে অভিযোগ আনলেও তিনি তা অস্বীকার করেছেন।

এ নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক শুক্রবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দেলোয়ার হোসেনকে দেখতে যান।

পরে তিনি সাংবাদিকদের বলেন, “এ ঘটনায় আমি লজ্জিত, দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী। মাননীয় প্রধানমন্ত্রী এ ঘটনার খোঁজখবর রাখছেন। এ ঘটনায় যারা জড়িত, তাদের সুষ্ঠু বিচার হবে। কেউ ছাড়া পাবে না।”

এর কিছু পরেই রুবেলকে দল থেকে শোকজের বিষয়টি সামনে আসে। বৃহস্পতিবার ইসিও রুবেলকে শোকজ করে।

এসবের মধ্যে বৃহস্পতিবার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম সাংবাদিকদের বলেন, উপজেলা নির্বাচনে সংসদ সদস্য ও মন্ত্রীদের স্বজন-সন্তানরা প্রার্থী হতে পারবেন না। কেউ যাতে নির্বাচনি পরিবেশ ‘নষ্ট না করে’ সে বিষয়ে সতর্ক থাকতে ‘কঠোর’ নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

জুনাইদ আহমেদ পলক চেয়ারম্যান পদপ্রার্থী রুবেলকে প্রার্থিতা প্রত্যাহারের সময় প্রধানমন্ত্রীর নির্দেশের বিষয়টি জানিয়ে দেন বলে উল্লেখ করেছেন সিংড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস।

তিনি সাংবাদিকদের বলেন, “এ সময় তিনি (পলক) বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ প্রার্থিতা প্রত্যাহার করে নিতে হবে।”

এ সময় সেখানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান ও উপজেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন বলে জানান জান্নাতুল ফেরদৌস।

আরও পড়ুন

পুরানো খবর:

‘প্রার্থীকে অপহরণ-মারধর’: সিংড়ার রুবেলকে আওয়ামী লীগের শোকজ

পুরানো খবর:

দেলোয়ারকে দেখতে গেলেন পলক, বললেন ‘লজ্জিত, দুঃখিত’

পুরানো খবর:

সিংড়ার রুবেলকে ইসিতে তলব

পুরানো খবর:

নাটোরে চেয়ারম্যান প্রার্থীকে ‘অপহরণের পর মারধর’, গ্রেপ্তার ২