২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে রিকশাচালকের গলা কাটা লাশ উদ্ধার

মাওনা থেকে ২৫০ টাকা ভাড়ায় এক যাত্রীকে নিয়ে মোবারক ইসলাম ছনপাড়া যাচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

নারায়ণগঞ্জে রিকশাচালকের গলা কাটা লাশ উদ্ধার

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2023, 12:08 PM

Updated : 19 Apr 2023, 12:08 PM

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এক ব্যাটারিচালিত রিকশাচালকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার ভোলাব ইউনিয়নের পূবেরগাঁ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয় জানিয়েছেন রূপগঞ্জের ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মিজানুর রহমান।

নিহত মোবারক ইসলাম উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের মাওনা গ্রামের মৃত তাহের আলীর ছেলে৷ ৫৫ বছর বয়সী এ ব্যক্তি ভাড়ায় ব্যাটারিচালিত রিকশা চালাতেন বলে জানিয়েছে পুলিশ৷

প্রাথমিক তদন্তের বরাতে মিজানুর পরিদর্শক বলেন, “মাওনা এলাকা থেকে ২৫০ টাকা ভাড়ায় এক যাত্রীকে নিয়ে ছনপাড়া যাচ্ছিলেন নিহত মোবারক ইসলাম৷ পথে তিনি খুন হন৷  পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পূবেরগাঁয়ের স্বর্ণখালি বাজার-ভোলাব সড়ক থেকে গলাকাটা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ৷”

“পুলিশ এই পথের সিসিটিভি ফুটেজগুলো যাচাই করে দেখছে৷ এ খুনের ঘটনায় ওই যাত্রী জড়িত কিনা এবং খুনের কারণ নিশ্চিত করার জন্য তদন্ত চলছে৷”

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে৷ তবে এ ঘটনায় সকাল সাড়ে ১১টা পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানান তিনি।