নরসিংদীতে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ
সহপাঠী ও স্বজনরা জানায়, স্কুলে আসা-যাওয়ার পথে প্রায়ই রাস্তা আটকিয়ে ওই শিক্ষার্থীকে উত্ত্যক্ত করতেন জীবন মিয়া।
নরসিংদীর রায়পুরায় এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে এক তরুণের বিরুদ্ধে।
এ ঘটনায় সোমবার সকালে রায়পুরা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই স্কুলছাত্রীর বাবা।
জীবন মিয়া (১৯) নামের এই তরুণ রায়পুরার অলিপুরা ইউনিয়নের স্বপন মিয়ার ছেলে। মেয়েটি স্থানীয় একটি বিদ্যালয়ে দশম শ্রেণির শিক্ষার্থী।
রোববার বিকালে রায়পুরা উপজেলার লোচনপুর এলাকায় অপহরণের এ ঘটনা ঘটে বলে লিখিত অভিযোগে বলা হয়।
ওই স্কুলছাত্রীর সহপাঠী ও স্বজনরা জানান, স্কুলে আসা-যাওয়ার পথে প্রায়ই রাস্তা আটকিয়ে ওই শিক্ষার্থীকে উত্ত্যক্ত করতনে জীবন মিয়া।
স্বজনদের দাবি, এই বিষয়ে জীবনের পরিবারকে একাধিকবার জানানো হলেও কোনো ফল হয়নি। সবশেষ গত রবিবার বিকালে স্কুল থেকে ফেরার পথে রায়পুরার লোচনপুর এলাকা থেকে জীবন ও তার চার সহযোগী মিলে দশম শ্রেণি পড়ুয়া ওই শিক্ষার্থীকে অপহরণ করেন।
ওই শিক্ষার্থীর বাবা বলেন, “গতকাল বিকালে জোর করে আমার মেয়েকে একটি সাদা প্রাইভেটকারে তুলে নেয় জীবন ও তার সহযোগীরা। এখন পর্যন্ত আমার মেয়ের খোঁজ পাই নাই। তাই জীবন ও তার অজ্ঞাতনামা চার সহযোগীকে আসামি করে রায়পুরা থানায় অভিযোগ করেছি।”
এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে জানিয়ে রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ বলেন, “ঘটনার পর থেকে থানা পুলিশ ও ডিবি বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য জীবন মিয়ার এক বন্ধুকে আটক করেছি।”
দ্রুত সময়ের মধ্যে মেয়েটিকে উদ্ধার করে আসামিদের আইনের আওতায় আনা যাবে বলে মনে করছেন পুলিশের এ কর্মকর্তা।
