২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মানসিক ভারসাম্য হারিয়ে ১০ বছর এক ঘরে’ বরিশালের যুবক

বছর দশেক আগে মাদ্রাসায় পড়ার সময় তিনি মানসিক ভারসাম্য হারান বলে পরিবারের ভাষ্য।

‘মানসিক ভারসাম্য হারিয়ে ১০ বছর এক ঘরে’ বরিশালের যুবক

আল আমিন

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2022, 10:22 PM

Updated : 26 Aug 2022, 10:22 PM

‘মানসিক ভারসাম্য হারিয়ে টানা ১০ বছর’ একটি ছোট্ট কক্ষে বন্দি বরিশালের এক যুবক মুক্তির জন্য ছটফট করছেন।

বন্দি মো. আল আমিন (৩০) জেলার বাবুগঞ্জ উপজেলার পাঁচআনি গ্রামের আবুল কালাম হাওলাদারের ছেলে।

বছর দশেক আগে তিনি একটি মাদ্রাসায় পড়াশুনা করতেন বলে জানান তার বাবা আবুল কালাম।

কালাম বলেন, “আলিম শেষ বর্ষে পড়ার সময় আল আমিনের অস্বাভাবিকতা শুরু হয়। মাদ্রাসার অন্য শিক্ষার্থীদের সঙ্গে খারাপ আচরণসহ মারধর করত সে। বিষয়টি মাদ্রাসা থেকে আমাকে জানালে আমি তাকে বাড়িতে নিয়ে আসি।

“বাড়ি আনার পর মাকে এমনকি পরিবারের সদস্য থেকে শুরু করে যাকে কাছে পেত তাকেই মারধর করত। তখন জমি বিক্রি করে ঘরের সামনে ইট দিয়ে কক্ষ তৈরি করে আটকে রাখা হয়। সেই থেকে গত ১০ বছর ধরে ওই কক্ষেই রয়েছে আল আমীন।”

চার সন্তানের বাবা কালাম হাওলাদার বলেন, “ঢাকায় ব্যবসা করতাম আমি। মেধাবী আল-আমিনের এমন অবস্থার ছয় বছরের মাথায় তার মায়ের মৃত্যু হয়। বড় ও মেজো ছেলে ঢাকায় গার্মেন্টসের পণ্যবাহী ট্রাক চালায়। ছোট ছেলেও ঢাকায় স্বল্প আয়ের ব্যবসা করে। আল আমিনের দেখাশোনার জন্য আমাকে বাড়ি চলে আসতে হয়। এখন এই অসুস্থ ছেলে নিয়ে মানবেতর জীবনযাপন করছি।

“অন্য সন্তানরা সচ্ছল না হওয়ায় তেমন খোঁজ নিতে পারছেন না। ফলে আমরা বাবা-ছেলে অনাহারেই দিন কাটাচ্ছি বলা যায়।”

বাবা বলেন, “লেখাপড়ার প্রতি ঝোঁক ছিল আল আমিনের। নিয়মিত পড়াশুনা করে ভালো একটা অবস্থা তৈরি করছিল। তার অস্বাভাবিক আচরণ ধরা পড়লে বিভিন্ন চিকিৎসা করাই। কিন্তু তাতে কাজ হয়নি। পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করানো হয় আল আমিনকে।

“সেখানে দীর্ঘদিন চিকিৎসার পর আল আমিন ভালো হয়ে গেছে জানিয়ে চিকিৎসকরা বাড়ি নিয়ে যেতে বলেন। কিন্তু বাড়িতে নিয়ে এলে আবার একই অবস্থা দেখা দেয়। পাবনা মানসিক হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হলে সেখান থেকে জানানো হয়, এর চেয়ে আর ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই।”

তাকে বাড়িতে রেখে চিকিৎসা দেওয়ার পরামর্শ দেওয়া হয় পাবনা থেকে।

বাড়িতে চিকিৎসা দেওয়া হলেও হঠাৎ করে রেগে যাওয়া এবং মানুষের ওপর ক্ষিপ্ত হওয়ায় তাকে একটি ঘরে তালাবদ্ধ করে রাখা হয়েছে বলে বাবার ভাষ্য।

বাবা বলেন, “মাঝেমধ্যে আল আমিনকে ঘর থেকে বের করে ছেড়ে নজরে রেখেছি। তাতে যেকোনো স্থানে চলে যাওয়া এবং গ্রামবাসীর ওপর চড়াও হওয়ার প্রবণতা তার রয়েছে। এ কারণে ঘরের বাইরে বের করতে সাহস পাই না। ঘরের মধ্যে বন্দি থাকলে ওর জন্য তেমন চিন্তা লাগে না।”

সরজমিনে দেখা গেছে, আল আমিনের ছোট্ট ঘরটির চারপাশে দেয়াল। এক পাশে একটি জানালা রয়েছে। তাও দুটি লোহার গ্রিল দিয়ে আটকানো। একটি গ্রিল নড়বড়ে হওযায় নতুন আরেকটি দেওয়া হয়। পুরনো গ্রিলের তালা দীর্ঘদিন না খোলার কারণে জং ধরে অকেজো হয়ে গেছে। তার ওপর নতুন গ্রিলেও আরেকটি তালা দেওয়া হয়েছে। সেই তালাও দীর্ঘদিন খোলা হয় না বলে বাবা জানান।

ঘরের মধ্যেই রয়েছে টয়লেটের ব্যবস্থা। রয়েছে সামান্য পানি। অন্ধকার ঘরটির মধ্যে কোনো আলোর ব্যবস্থা নেই। বিছানা বলতে হোগলার ওপর একটি চাদর। কোনো মশারির ব্যবস্থা নেই।

বন্দি আল আমিন বলেন, “এভাবে বন্দি থাকতে ভালো লাগে না। বাবা বন্দি করে রেখেছে। আমি মুক্ত হতে চাই।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত ফাতেমা খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন।