বন্ধুকে আনতে কারাফটকে গিয়ে ‘গাঁজাসহ’ আটক, নিজেই কারাগারে
সুপার জানান, কারা কমপ্লেক্সের আরপি চেকপোস্ট দিয়ে প্রবেশের সময় কারারক্ষীদের সন্দেহ হয়।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ‘জামিনে ছাড়া পাওয়া বন্ধুকে আনতে গিয়ে কারা ফটকে গাঁজাসহ’ আটক হন এক যুবক।
শনিবার সকালে তাকে আটকের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে নগরীর কোনাবাড়ী থানার ওসি কে এম আশরাফ উদ্দিন জানান।
আটক সোহেল রানা (৪০) রাজধানীর মধ্যবড্ডা লিংক রোড এলাকার প্রয়াত আব্দুর রাজ্জাকের ছেলে।
কাশিমপুর কারাগার পার্ট-২-এর সুপার মো. আমিরুল ইসলাম জানান, সকালে কারা কমপ্লেক্সের আরপি চেকপোস্ট দিয়ে প্রবেশের সময় কর্তব্যরত কারারক্ষীরা সোহেলকে সন্দেহ করেন। এ সময় তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেটে গাঁজা পাওয়া যায়। পরে তাকে কোনাবাড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ জানায়, জামিনে ছাড়া পাওয়া রাজধানীর একই এলাকার ফারুক হোসেন নামে এক আসামিকে নেওয়ার জন্য কারাগারে গিয়েছিলেন সোহেল রানা। তারা পরস্পরের বন্ধু বলে জানা গেছে।
