মাহফিল থেকে অটোরিকশায় ফেরার পথে ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ, নিহত দুই, আহত ৬
আহতদের মধ্যে ৫ জনের নাম জানা গেছে। তারা হাসপাতালে চিকিৎসাধীন।
সিলেটের গোয়াইনঘাটে একটি মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিল থেকে অটোরিকশায় ফেরার পথে ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে দুজন নিহত ও ছয়জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাতে উপজেলার সারী-গোয়াইনঘাট সড়কের গোয়াইন ব্রিজ সংলগ্ন পূর্ণানগর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান, গোয়াইনঘাট থানার ওসি রফিকুল ইসলাম।
নিহতরা হলেন- উপজেলার কর্নি গ্রামের ইসমাইল আলীর ছেলে নজরুল ইসলাম (৫০) ও লেঙ্গুড়া গ্রামের আরফান মিয়ার ছেলে জসির উদ্দিন (৬৫)। তারা অটোরিকশার যাত্রী ছিলেন।
আহত ছয়জনের মধ্যে পাঁচজন হলেন- উপজেলার হুসই মিয়ার ছেলে আলিম উদ্দিন (৪০), রহমত উল্লাহর ছেলে রায়হান (১০) এবং রায়হানের বাবা রহমতুল্লাহ (৩০), রাধানগর (দুভাগ) এলাকার আব্দুল খালেকের ছেলে জসীম উদ্দিন (২৮) ও আব্দুল মহল গ্রামের আব্দুল মুতলিবের ছেলে মারজান আহমদ (৩০)।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, উপজেলার লাফনাউট মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিল থেকে যাত্রী নিয়ে ছেড়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা উপজেলা সদরে যাচ্ছিল। অটোরিকশাটি পূর্ণানগর এলাকায় পৌঁছলে অপরদিক থেকে আসা ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে ট্রাক্টর ও অটোরিকশা চালকসহ আটজন গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নজরুল ইসলামকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জসির উদ্দিন। বাকিরা ওই হাসপাতালে চিকিৎসাধীন।
ওসি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
