২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভালুকায় ‘চালককে খুন করে অটোরিকশা ছিনতাই’

অটোরিকশা চালকের লাশ রাস্তার পাশ থেকে এবং গৃহবধূর লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।

ভালুকায় ‘চালককে খুন করে অটোরিকশা ছিনতাই’

স্ত্রীকে হত্যার অভিযোগে আটক রিকশাচালক মো. আনারুল।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2022, 08:01 PM

Updated : 20 Oct 2022, 08:01 PM

ময়মনসিংহের ভালুকায় চালককে খুন করে অটোরিকশা ছিনতাইয়ের খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে ভালুকার আমতলী এলাকার থেকে ওই চালকের লাশ উদ্ধার করা হয় বলে সংশ্লিষ্ট থানার এসআই মো. আশরাফ আলী জানান।

নিহত মোফাজ্জল মিয়া (২৬) উপজেলার আমতলী গ্রামের মো. দুলাল মিয়ার ছেলে।

নিহতের স্বজনদের বরাতে এসআই আশরাফ আলী জানান, গত বুধবার বিকালে বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হন মোফাজ্জল। রাত ৯টার দিকে তার ফোন নম্বর বন্ধ পেয়ে বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেও তাকে পায়নি স্বজনরা। বৃহস্পতিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে মোফাজ্জলের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এসআই আশরাফ আরও জানান, নিহতের শরীরে ও গলায় আঘাতের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যার পর অটোরিকশাটি ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

‘স্বামীর দা’র কোপে স্ত্রীর মৃত্যু’

জেলার ফুলপুরে ‘স্বামীর দা’র কোপে স্ত্রীর মৃত্যু’র খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতদের লাশ উদ্ধার করা হয় বলে ফুলপুর থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন জানান।

নিহত রোজিনা খাতুন (৩০) ফুলপুর উপজেলার পয়ারী গ্রামের রিকশাচালক মো. আনারুলের স্ত্রী।

স্থানীয়দের বরাতে ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, গত বুধবার রাতে ফুলপুরের আমলীতলা ইউনিয়নের পয়ারী গ্রামের রিকশাচালক মো. আনারুলের সঙ্গে তার স্ত্রী রোজিনার ঝগড়া হয়। এর জেরে রাত সাড়ে ১২টার দিকে আনারুল তার স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। খবর পেয়ে রোজিনার মা গিয়ে তার মেয়েকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

“ভোরে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে থানায় জানানো হলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।”

ওসি আরও বলেন, “ঘটনাস্থল থেকে রক্ত মাখা দা ও কাপড় জব্দ করা হয়েছে। এ ঘটনায় রিকশাচালক আনারুল ও তার মাকে গ্রেপ্তার করা হয়েছে।”

পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।