২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরের ঈদযাত্রায় ফিটনেসবিহীন গাড়ির বাগড়া

“সোমবার রাতে বঙ্গবন্ধু সেতুর উপর ১১টি গাড়ি বিকল হয়; সেগুলো অপসারণ করতে কিছুটা সময় লাগে। এতে যানজটের সৃষ্টি হয়।”

উত্তরের ঈদযাত্রায় ফিটনেসবিহীন গাড়ির বাগড়া

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিক্রমহাটীতে চাকা ফেটে যাওয়া একটি বাস সড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2024, 08:18 PM

Updated : 09 Apr 2024, 08:18 PM

ঈদের আগে কর্মদিবসের শেষদিন রাজধানী থেকে উত্তরের পথে ঘরে ফেরা মানুষের চাপ বেড়েছে। এ সুযোগকে কাজে লাগিয়ে সড়কে নামানো হয়েছে ফিটনেসবিহীন গাড়ি। এতে যানজটের পাশাপাশি দেখা দিয়েছে দুর্ঘটনার শঙ্কা। 

রোববার মধ্যরাত পর্যন্ত ঈদযাত্রায় কিছুটা স্বস্তি থাকলেও মঙ্গলবার ভোররাত থেকে মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। ফলে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় থেকে টাঙ্গাইলের ঘারিন্দা বাইপাস পর্যন্ত ২০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। তবে তাৎক্ষণিক যানজটের কারণ উদঘাটন করতে পারেনি পুলিশ। 

সকাল সাড়ে ১০টার পর থেকে ধীরে ধীরে মহাসড়কে যানচলাচল শুরু করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেটে যায় যানজট। এরপরও থেমে থেমে চলছে যানবাহন। সড়কে এই জট, এই ফাঁকা।

পুলিশ যানজটের কারণ বলতে না পারলেও মহাসড়কের বেশ কয়েকটি স্থান ঘুরে দেখা গেছে, স্বস্তির ঈদযাত্রায় বড় বাগড়া ফিটনেসবিহীন যানবাহন। 

খোঁজ নিয়ে দেখা যায়, মঙ্গলবার সকালে বেশ কয়েকটি জায়গায় চলন্ত বাস বিকল হয়েছে। অনেক গাড়ির চাকা ফেটে মাঝ সড়কে পড়ে আছে। আর এতেই বিকল হওয়া গাড়ির পেছনে লেগে যায় যানজট। ধীরে ধীরে এই জট দীর্ঘ হতে থাকে। 

মহাসড়কের বিক্রমহাটী এলাকায় বেলা ১১টায় চলন্ত একটি বাসের চাকা ফেটে বিকল হয়ে যায়। যাত্রী ও স্টাফরা যতক্ষণে বাসটি সরিয়ে নেয়; এরমধ্যে সড়কে লেগে যায় গাড়ির লম্বা সারি। এতে প্রায় আধা ঘণ্টা যানজট তৈরি হয়।

একাধিক বাসচালক জানান, পুরো রাস্তা স্বাভাবিকভাবেই চলছিল। কয়েকটি জায়গায় বাস বিকল হয়ে যাওয়ায় যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েছে ঘরে ফেরা মানুষজন। 

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মীর মো. সাজেদুর রহমান জানান, মহাসড়কে পরিবহনের খুব চাপ বেড়েছে। এতে পরিবহনগুলো ধীরগতিতে চলাচল করছে। সেতুর উপর একটি বাস নষ্ট হওয়ায় পাঁচ মিনিট বন্ধ ছিল যানচলাচল। এ ছাড়া পরিবহনগুলো রাস্তায় দাঁড়িয়ে যাত্রী তোলায় যানচলাচল বাধাগ্রস্ত হচ্ছে। 

বঙ্গবন্ধু সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসানুল পাভেল বলেন, “সোমবার রাত ৯টার পর সেতুর উপরে ১১টি গাড়ি বিকল হয়। সেগুলো অপসারণ করতে কিছুটা সময় লাগে। আর এতে যানজটের সৃষ্টি হয়।”