‘প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায়’ স্কুলছাত্রীকে ছুরিকাঘাত
মামলায় উপজেলার নয়াদিল গ্রামের শামীম মিয়াসহ আরও ৩/৪ জনকে আসামি করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ‘প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায়’ ৭ম শ্রেণির এক ছাত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে।
আখাউড়া থানার ওসি আসাদুল ইসলাম জানান, মঙ্গলবার আহত ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
মামলায় উপজেলার মোগড়া ইউনিয়নের নয়াদিল গ্রামের সানু মিয়ার ছেলে শামীম মিয়াসহ (২০) অজ্ঞাত পরিচয় আরও ৩/৪ জনকে আসামি করা হয়েছে।
পাশাপাশি এই ঘটনায় স্কুলের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং শিক্ষা কর্মকর্তা বরাবরও লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার মোগড়া এলাকায় মেয়েটিকে ছুরিকাঘাত করা হয়।
অভিযোগে বলা হয়, শামীম মিয়া ১৫/২০ দিন ধরে ওই ছাত্রীকে স্কুলে যাওয়া আসার পথে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিলেন। কিন্তু ওই ছাত্রী তার প্রস্তাবে রাজি হয়নি।
মঙ্গলবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে শামীম মিয়া ও তার কয়েকজন সহযোগী ওই ছাত্রীর পথরোধ করেন। তারা তার হাত ধরে টানাটানি করতে থাকেন। ওই ছাত্রী প্রতিবাদ করলে শামীম মিয়া ছুরি দিয়ে তার বাম হাতে আঘাত করেন।
এ সময় ওই ছাত্রীর চিৎকার শুনে পথচারীরা এগিয়ে গেলে ওই যুবকরা দৌড়ে পালিয়ে যায়।
পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
মেয়েটির বাবা বলেন, “বখাটে শামীম আমার মেয়েকে স্কুলে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করত। আজকে স্কুল থেকে ফেরার পথে সড়কে আমার মেয়ের পথ অবরোধ করে আপত্তিকর প্রস্তাব দেয়। প্রস্তাব প্রত্যাখ্যান করায় আমার মেয়েকে ধারালো ছুরি দিয়ে বাম হাতে আঘাত করে।”
একই সঙ্গে এ ঘটনার বিচার চেয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শশাঙ্ক রায় চৌধুরী আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা এবং শিক্ষা কর্মকর্তা শওকত আকবর খানের কাছে লিখিত আবেদন করেছেন।
আখাউড়া থানার ওসি আসাদুল ইসলাম বলেন, “আমরা ওই স্কুল শিক্ষার্থীর পরিবার থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
