তেলের দাম বৃদ্ধি পাচার রোধের জন্য: শাজাহান খান
‘ভারতের সঙ্গে বাংলাদেশের জ্বালানি তেলে দামের ব্যবধান থাকায় দেশ থেকে তেল পাচার হয়।'
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান বলেছেন, পাচার রোধের জন্য জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছে সরকার।
মাদারীপুর জেলা প্রশাসন কার্যালয়ে এক আলোচনা সভা শেষে শনিবার দুপুরে তিনি সাংবাদিকদের বলেন, “ভারতের সঙ্গে বাংলাদেশের জ্বালানি তেলে দামের ব্যবধান থাকায় দেশ থেকে তেল পাচার হয়। তাই পাচাররোধে তেলের দাম বৃদ্ধি করেছে সরকার।
অনেক বেশি টাকায় তেল কিনতে হয় জানিয়ে সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান বলেন, “এতে সরকারের অনেক লোকসান হয়। সরকার প্রতিবছর জ্বালানি তেলে ভতুর্কি দেয়। ভতুর্কি কমানোর জন্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
“শুধু বাংলাদেশ নয়, বিশ্বের সব জায়গায় তেলের দাম বৃদ্ধি পেয়েছে। দেশে প্রতি লিটারে ৩৫-৪৫ টাকা বৃদ্ধি পাওয়ায় যানবাহন চলাচল পরিচালনা করা কঠিন হয়ে পড়বে। তেলের দাম বৃদ্ধি পেলে ভাড়াও বৃদ্ধি পায়। তাই ভাড়া সহনশীল রাখতে কাজ করছে সরকার।”
স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব সাইফুল হাসান বাদল, মাদারীপুরের ডিসি রহিমা খাতুন, সিভিল সার্জন মুনীর আহম্মদ খান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ওবায়দুর রহমান খান, মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ আলোচনা সভায় ছিলেন।
