২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯ আশ্বিন ১৪৩৩

গোপালগঞ্জে ‘তুচ্ছ ঘটনায়’ কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা

পাইককান্দি ইউনিয়নের পুখুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে গোপালগঞ্জ সদর থানার ওসি আমিনুল ইসলাম জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Sep 2026, 08:37 PM

Updated : 24 Sep 2026, 08:37 PM

গোপালগঞ্জ সদর উপজেলায় ‘তুচ্ছ ঘটনাকে’ কেন্দ্র করে বাকবিতণ্ডার একপর্যায়ে এক কলেজছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠেছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার পাইককান্দি ইউনিয়নের পুখুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে গোপালগঞ্জ সদর থানার ওসি আমিনুল ইসলাম জানান।

নিহত জোবায়ের ভূঁইয়া (২২) ঘোড়াদাইড় গ্রামের রমজান ভূঁইয়ার ছেলে। তিনি গোপালগঞ্জ শহরের হাজী লালমিয়া সিটি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্বজনদের বরাতে পুলিশ জানায়, সকাল সাড়ে ১০টার দিকে পুখুরিয়া গ্রামে এক শিক্ষার্থীকে পড়িয়ে বাড়ি ফিরছিলেন জোবায়ের। পথে বাকবিতণ্ডার একপর্যায়ে সোহেল মোল্লা ও তার বন্ধুরা জোবায়েরের ওপর লাঠিসোটা নিয়ে হামলা চালায়। ছেলে রক্ষা করতে গিয়ে আহত হন বাবা রমজান ভূঁভূঁইয়াও।

গুরুতর আহত জোবায়েরকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে (আগের মেডিকেল কলেজ হাসপাতাল) ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, তিন দিন আগে প্রতিবেশী গ্রামের সোহেল মোল্লাকে একটি বিষয়ে সতর্ক করেছিলেন জোবায়ের। সেই ক্ষোভ থেকেই বৃহস্পতিবার সকালে তার ওপর হামলা চালানো হয়।

ওসি আমিনুল ইসলাম বলেন, “জোবায়ের এলাকায় নম্র ও ভালো ছাত্র হিসেবে পরিচিত ছিলেন। সুরতহাল রিপোর্ট শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং বিশৃঙ্খলা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

নিহতের পরিবার এখনও লিখিত অভিযোগ দেয়নি জানিয়ে ওসি বলেন, অভিযোগ পেলেই মামলা করা হবে।

জোবায়েরের চাচা মো. হামিম ভূঁইয়া বলেন, “তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে। আমরা এর দৃষ্টান্তমূলক বিচার চাই। শুক্রবার ময়নাতদন্ত ও দাফন শেষ করে আমরা থানায় লিখিত অভিযোগ দেব।”

ঘটনার পর থেকে অভিযুক্ত সোহেল মোল্লা পলাতক থাকায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।