২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

পাবনার বিটিএস-ভক্ত ৩ স্কুলছাত্রী বাড়ি ফিরেছে

বাড়ি থেকে বের হওয়ার সময় তাদের একজনের কাছে প্রায় এক লাখ টাকা ছিল বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Sep 2026, 07:45 PM

Updated : 29 Sep 2026, 08:39 PM

দক্ষিণ কোরিয়ার সংগীতদল বিটিএসের ভক্ত পাবনার তিন স্কুলছাত্রী স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে ভারতে যেতে চেয়েছিল।

পরে কুড়িগ্রামে পথ হারিয়ে ফেললে পুলিশ তাদের উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেয় বলে জানান পাবনা সদর থানার ওসি তারিকুল ইসলাম।

উদ্ধার হওয়া তিন কিশোরীর মধ্যে একজন অষ্টম শ্রেণির এবং দুজন ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তারা পাবনা সদর উপজেলার একটি উচ্চবিদ্যালয়ের ছাত্রী ও পরস্পরের বন্ধু।

পুলিশ জানায়, তিন কিশোরী টিকটক ব্যবহার করত এবং বিটিএসের ভক্ত। তাদের একজনের নিজের শারীরিক গঠন ও চোখের সমস্যা নিয়ে পরিবারের সঙ্গে মনোমালিন্যে ছিল। একপর্যায়ে টিকটক দেখে তার বিদেশে যাওয়ার ইচ্ছা হয়। পরে তিন বন্ধু মিলে অন্য দেশে যাওয়ার সিদ্ধান্ত নেয়।

রোববার সকালে স্কুলে যাওয়ার কথা বলে তারা বাড়ি থেকে বের হয়। এরপর অটোরিকশায় অনন্ত মোড় ও পরে পাবনা বাস টার্মিনালে যায়। সেখান থেকে বাসে নাটোর ও রংপুর হয়ে কুড়িগ্রামে পৌঁছায়।

পুলিশ জানায়, বাড়ি থেকে বের হওয়ার সময় তাদের একজনের কাছে প্রায় এক লাখ টাকা ছিল।

পুলিশ জানায়, তাদের পরিকল্পনা ছিল সীমান্ত দিয়ে ভারতে যাওয়া। কুড়িগ্রামে পৌঁছে তারা পথ হারিয়ে ফেলে। সন্ধ্যার পর বাস টার্মিনালের কাছে রাত কাটানোর জায়গা খুঁজতে গিয়ে একটি অপরিচিত মহল্লায় যায়।

তাদের চলাফেরা সন্দেহজনক মনে হলে কুড়িগ্রাম সদর থানার এসআই তাজউদ্দিন আহমেদের স্ত্রী তিনজনকে নিজের বাড়িতে নিয়ে যান। সেখানে তাদের খাবার ও বিশ্রামের ব্যবস্থা করে স্বামীকে বিষয়টি জানান।

এসআই তাজউদ্দিন আহমেদ বলেন, স্ত্রীর কাছ থেকে খবর পেয়ে তিনি বাড়িতে যান। পরে তিন কিশোরীর কাছ থেকে পরিবারের মোবাইল নম্বর নিয়ে পাবনা সদর থানায় যোগাযোগ করেন।

এদিকে তিন কিশোরী বাড়িতে না ফেরায় পরিবারের পক্ষ থেকে পাবনা সদর থানায় আলাদা তিনটি জিডি করা হয়।

ওসি তারিকুল ইসলাম বলেন, জিডির পর পুলিশ তাদের খোঁজ শুরু করে। কুড়িগ্রাম সদর থানা-পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে তিন কিশোরীর অবস্থান নিশ্চিত করা হয়। পরে সোমবার তাদের উদ্ধার করে পরিবারের কাছে দেওয়া হয়।

এক কিশোরীর বাবা বলেন, “ওরা ছোট মানুষ, না বুঝে বড় ভুল করেছিল। সন্তানদের নিরাপদে ফিরে পেয়েছি, এটাই শুকরিয়া।”

পুলিশ জানিয়েছে, তিন কিশোরী বর্তমানে পরিবারের কাছে নিরাপদে রয়েছে।

বিটিএস দক্ষিণ কোরিয়ার সাত সদস্যের একটি জনপ্রিয় সংগীতদল। বাংলাদেশসহ বিভিন্ন দেশে তাদের অনেক ভক্ত রয়েছে, যারা ‘বিটিএস আর্মি’ নামে পরিচিত।